আইসিসির নীতিমালায় প্রতিটি ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত, এসব নির্বাচিত বোর্ডে সরকারি হস্তক্ষেপের কোন সুযোগ নেই। তবে সেটা মানা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় তৈরি হচ্ছে জটিলতা, বিসিবিতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন খোদ একজন পরিচালক।
মূলত সংকটের শুরু ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে। এমনিতে বিসিবির বর্তমান গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোই বাংলাদেশ ক্রিকেটের মূল চালিকাশক্তি, দেশের ক্রিকেট সংস্কৃতিতে ক্লাবই হচ্ছে মূল অক্সিজেন।
তাই ঢাকার ক্লাব থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়ে আসেন বিসিবিতে। এদের প্রায় সবাই বর্ষীয়ান ক্রীড়া সংগঠক। ক্রীড়া সংগঠক হওয়ায় তাদের সঙ্গে দলীয় রাজনীতির যোগসূত্রও আছে। বর্তমানে ক্লাবের আধিপত্য কমিয়ে নতুন গঠনতন্ত্রের প্রস্তবনা তৈরি করা হচ্ছে। ১২ জনের বদলে ক্লাব থেকে মাত্র ৪ জন পরিচালক নেওয়ার খবরে ইতোমধ্যে বিদ্রোহ করেছে ক্লাবগুলো।
সব ক্লাব মিলিয়ে বর্জন করায় এখনো শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ঢাকার ক্লাবগুলোর অংশগ্রহণে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ ও প্রিমিয়ার লিগ ক্রিকেট অনুষ্ঠিত হয়। দেশের ক্রিকেটের বেশিরভাগ খেলোয়াড়ই এতে অংশ নেন। কমপক্ষে প্রতি বছর ১০০ কোটি টাকার পারিশ্রমিক বিনিময়ই হয় এসব লিগে। অর্থাৎ ক্রিকেটারদের রুটিরুজির অন্যতম উৎস ঢাকার ক্লাব।
বিসিবির গঠনতন্ত্র সংস্কারের নামে ক্লাবের প্রভাব কমিয়ে বিভিন্ন বিভাগীয় ক্রীড়া সংস্কার প্রভাব বাড়াতে চায় সরকার। যাতে করে সরকারের একদম নিয়ন্ত্রণে চলে যায় বিসিবি।
এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘সভাপতি ফারুক আহমেদকে বলা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি সংস্কার কমিটি করে দিতে। তিনি পরোক্ষে সরকারি হস্তক্ষেপ মেনে নিয়ে কমিটি বানিয়েছেন। আইসিসির গঠনতন্ত্রে লেখা আছে- সরকার কোনোভাবে গঠনতন্ত্র সংস্কারে সম্পৃক্ত হতে পারবে না। সুপ্রিম কোটেরও নির্দেশনা আছে, বিসিবির গঠনতন্ত্র সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কেউ থাকতে পারবে না। সেখানে এনএসসি চেয়ারম্যানের (ক্রীড়া উপদেষ্টা) পিএস মো. সাইফুল ইসলামকে করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য সচিব। বাকি তিনজন আইনজীবী। এর অর্থ হলো, প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন করা হলে সরকারি হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হবে। কারণ এনএসসি শুধু সংশোধিত ও অনুমোদিত গঠনতন্ত্র গ্রহণ করার ক্ষমতা রাখে। বর্তমান প্রেক্ষাপটে কেউ আদালতে গেলে প্রস্তাবনা স্থগিত হয়ে যাবে। আইসিসিতে নালিশ করা হলে বিসিবি নিষেধাজ্ঞায় পড়বে।’
ক্লাব ক্রিকেটে কোন সমস্যা থাকলে সেটার সমাধান না করে ক্লাব ক্রিকেটকে একদম অগুরুত্বপূর্ণ করে দেশের ক্রিকেট ধ্বংসের পায়তারা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কর্মকর্তা মাসুদ উদ্দিন।
বাংলাদেশের ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে নাজমুল হাসান পাপনের বোর্ড আঞ্চলিক ক্রিকেট সংস্থা গড়ে তুলে। গত বছর আঞ্চলিক ক্রিকেট সংস্থা- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরের কমিটি অনুমোদন করা হয়। তবে এসব সংস্থার কার্যক্রম এখনো শুরু হয়নি। এসব কার্যক্রম শুরু না করে ক্লাবকে কোণঠাসা করা কেন, এমন প্রশ্ন তুলেন দেশের শীর্ষ ক্লাবগুলোর কর্তারা। তারা গত সপ্তাহে একটি জরুরি সভা করে বিসিবির বর্তমান কর্তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গঠনতন্ত্রে কোন রকম সংস্কার হলে বয়কটের হুমকিও দিয়েছেন তারা। এমন হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা।
মূলত বিসিবির সব জায়গায় নিজেদের লোক বসাতে ও নিয়ন্ত্রণ করতে এমন পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। যা আইসিসির আইনে সম্পূর্ণ নিষেধ।
