সান্তোসে নেইমারের রাজসিক প্রত্যাবর্তন

সান্তোসে নেইমারের রাজসিক প্রত্যাবর্তন
শেয়ার করুন

“রাজপুত্র ফিরে এসেছেন।” বিশাল ব্যানার প্ল্যাকার্ডে এই স্লোগান ভিলা বেলমিরোতে টাঙানো হয়েছে। ছোট ছোট ব্যানার বিক্রিও হচ্ছে দেদারস। নেইমারের মাথায় মুকুট দেওয়া ছবিও বিস্তর। সান্তোসের রাজপুত্র যে সত্যিই ফিরে এসেছেন।

আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দারুণ অভ্যর্থনা পেয়েছেন ব্রাজিলিয়ার অন্যতম সেরা ফুটবলার নেইমার। নেইমারের সঙ্গে এদিন ছয় মাসে চুক্তি করেছে সান্তোস। এর আগে এআই দিয়ে পেলের কন্ঠে নেইমারকে স্বাগত জানিয়ে ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তাকে নতুন রাজা আখ্যা দেওয়া হয়।

নেইমারকে বরণ করতে নিজেদের মাঠে কনসার্ট আয়োজন করে সান্তোস। চুক্তিতে সই করে আরেক ভিডিওতে নেইমারকে বলতে শোনা যায়, ‘রাজা পেলে, আপনার ইচ্ছা আমার জন্য আদেশ। সিংহাসন এবং মুকুট আপনারই আছে। কারণ, আপনি চিরকালের। তবে পবিত্র ১০ নম্বর জার্সিটি পরা হবে সম্মানের সাথে, যা সান্তোস এবং এই পৃথিবীর জন্য অনেক কিছু। আপনার রেখে যাওয়া ঐতিহ্যকে সম্মান জানাতে আমি সবকিছু করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

২০২৩ সালে পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেন নেইমার। কিন্তু এই সময়ে চোটের কারণে ৭ ম্যাচের বেশি খেলা হয়নি তার। পারষ্পারিক সমঝোতায় চুক্তি বাতিলের পর সান্তোসে চলে গেলেন এই সুপারস্টার। সৌদি থেকে ব্যক্তিগত বিমানে ব্রাজিল যান নেইমার। এরপর ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার ফেরা। ২০০৩ থেকে ২০০৯ সাল অবধি সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলেন মূল দলে। এরপর চূড়া মূল্যে চলে যান বার্সেলোনায়। বার্সেলোনা থেকে রেকর্ড মূল্যে পিএসজি। ইউরোপ পর্ব শেষে এশিয়া ঘুরে ফের নিজভূমে গেলেন এই ফরোয়ার্ড।

পলিস্তায় আগামী বুধবার বোটাফোগোর মুখোমুখি হবে সান্তোস। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এই ম্যাচে সান্তোসের হয়ে দ্বিতীয় দফায় অভিষেকের সম্ভাবনা আছে নেইমারের।

Visited 90 times, 1 visit(s) today