নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রেসিডিয়াম সদস্য ফারুখ খানের ফেসবুক প্রোফাইল থেকে ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম প্রোপাগাণ্ড ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। ফারুক খানের ফেইসবুক আইডি থেকে দেওয়া পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ফেইসবুকে ভাইরাল হয়।
যদিও আইডি’টি এর কিছুক্ষণ পরে থেকে পাওয়া যায়নি। কিন্তু এরইমধ্যে স্কিনশট থেকে একাধিক গণমাধ্যম সংবাদ প্রকাশ করে এবং প্রেসসচিব শফিকুল আলম সেটির শেয়ার করে বিতর্ক উস্কে দেন।
সোমবার(৩ ফেব্রুয়ারী) আওয়ামী লীগ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ অভিযোগ করেছে।
এদিকে প্রায় সাড়ে তিন মাস আগে গ্রেপ্তার হওয়া ফারুক খান কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে কী করে ফেইসবুকে পোস্ট দিলেন তা নিয়ে ব্যাপক জল্পনার মধ্যে কারা কর্তৃপক্ষ বলেছে, কারাগারে বসে ফেইসবুক ব্যবহারের ‘কোন সুযোগ নেই’।
এর পরিপ্রেক্ষিতে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেয় কারা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ফারুক খান নামের এক ব্যক্তির ফেইসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী ফারুক খানের বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
“কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে, কারাগার হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়।”
সোমবার নিজের ফেইসবুক আইডি থেকে দেওয়া সেই পোস্টে ফারুক খান লিখেছেন, “অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি।
“দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
