মতামত || আওয়ামী লীগ আমলে অর্থ পাচার: গল্পের গরু যেভাবে গাছে উঠল!

মতামত || আওয়ামী লীগ আমলে অর্থ পাচার: গল্পের গরু যেভাবে গাছে উঠল!
শেয়ার করুন
আমিনুল হক

ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম গত ১০ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিঃ সংবাদ সম্মেলনে দাবি করেছেন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে এবং দেশের বর্তমান জিডিপির আকার ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার। একই সাথে তিনি এটাও দাবি করেছেন আওয়ামীলীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হতে কোন ধরনের প্রমাণ ছাড়াই প্রতিনিয়ত দাবি করা হচ্ছে  আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে ২৫৬ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮ লাখ কোটি পাচার হয়েছে। চলুন এই দাবিটির যৌক্তিকতা বিশ্লেষণের চেষ্টা করি।

শফিকুল আলমের বক্তব্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৫-এ এসে বাংলাদেশের জিডিপির আকার ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার, যা ৩০ জুন ২০২৪ তারিখে, অর্থাৎ ২০২৩-২০২৪ অর্থবছরে ছিলো ৪৩৭.৪২ বিলিয়ন মার্কিন ডলার।  আজকের দিনে দেশের গ্রোস ন্যাশনাল ইনকাম (জিএনআই) ২৭৩৮ মার্কিন ডলার,  যা বিগত অর্থ বছরে ছিলো ২৭৮৪ মার্কিন ডলার। জুন ২০২৪ এ করা আইএমএফের প্রজেকশন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবার কথা ছিলো ৪.৬% । গত ছয় মাসের রাজনৈতিক অস্থিরতার ফলে সার্বিক অর্থনীতির উপর মন্দা সৃষ্টির কারণে পরবর্তীতে এই হার নির্ধারণ করা হয় ৩.৮% ।

আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে (জুলাই ২০০৮ থেকে জুন ২০০৯) বাংলাদেশের মোট জিডিপির আকার ছিলো ৯১.৬ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু জাতীয় আয় ছিল ৭৫৯ মার্কিন ডলার। বিগত ১৫-১৬ বছরে ধারাবাহিক ভাবে গড়ে ৬℅-৭℅ প্রবৃদ্ধি হার ধরে রেখে ২০০৯ সালের ৯১.৬ বিলিয়ন ডলারের অর্থনীতি আজ ৪৫০ বিলিয়নের অর্থনীতিতে পরিণত হয়েছে। এই কৃতিত্ব কার?  কেউ ভেবে বসবেন না, বিগত ছয় মাসে কারো জাদুতে এটা হয়েছে। কেননা এই ছয় মাসেই দেশের অর্থনীতি সম্পূর্ণ ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই সময়ে বিদেশী বিনিয়োগ কমেছে ৭১%, বন্ধ হয়েছে হাজারো কল কারখানা। ফলে দেশের বর্তমান ৪৫০ বিলিয়ন ডলার জিডিপির পুরো কৃতিত্বই আওয়ামীলীগ সরকারের।

এবার আসা যাক কিছুদিন আগে প্রকাশিত শ্বেতপত্রে আওয়ামীলীগ সরকারের ১৬ বছরের শাসনামলে দেশ থেকে ২৫৬ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য প্রায় ২৮ লাখ কোটি টাকা (গড়ে ১ ডলারে ১১০.১৫ টাকা) বিদেশে পাচারের বিষয়ে। অবৈধভাবে অর্থ পাচার পৃথিবীর সকল দেশের জন্যই অভিশাপ। দরিদ্র, উন্নয়নশীল, এমনকি উন্নত দেশও এই সমস্যা রয়েছে। কোন দেশের কোন সরকারই এটি পুরোপরি বন্ধ করতে পারেনি কিংবা সম্ভবও না।  কেননা অর্থ পাঁচারের নেটওয়ার্ক বা প্রবণতা বন্ধ করার মতো যর্থার্থ কার্যকর পন্থা কোন দেশের কাছেই নেই। বাংলাদেশ থেকেও অর্থ পাচার হয়েছে, এতে কোন সন্দেহ নেই। এই অর্থ পাচার দেশের অর্থনীতির উপর নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলেছে। বাংলাদেশের মতো একটি দূর্নীতিপ্রবণ দেশের জন্য অর্থ পাচার বন্ধ করা একটি বিশাল চ্যালেঞ্জ। আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারও সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল ছিলো না। কিন্তু তাই বলে ৪৫০ বিলিয়ন ডলার জিডিপির একটি দেশ হতে ২৫৬ বিলিয়ন ডলার পাচার হওয়া অর্থনীতির কোন ব্যাখ্যাতেই সম্ভব না। এটি নিতান্তই আষাড়ে গল্প ছাড়া আর কিছুই নয়।

আসুন অর্থনীতির মাপকাঠিতে সহজভাবে বিষয়টি বুঝার চেষ্টা করি। বাংলাদেশের গড় বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ছিল প্রায় ৬-৭%। কোভিড-১৯-এর সময় কিছুটা ধীরগতি হলেও সামগ্রিকভাবে প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। এই প্রবৃদ্ধির হার ধরে রাখলে ১৬ বছরে ৯১.৬ বিলিয়ন থেকে ৪৫০ বিলিয়ন ডলারে পৌঁছানোটাই ধারাবাহিক বিষয়। এখন ধরুন, আনীত অভিযোগ অনুযায়ী পাচার করা ঐ অর্থ অর্থাৎ ঐ ২৫৬ বিলিয়ন মার্কিন ডলার যদি বিগত ১৫-১৬ বছরে পাচার না হয়ে দেশের অর্থনীতিতে বিনিয়োগ হতো, তাহলে দেশের জিডিপি প্রবৃদ্ধি হার কত পর্যন্ত হতে পারতো?

একটি অর্থনীতিতে নতুন বিনিয়োগ সরাসরি উৎপাদন বাড়ায় এবং কর্মসংস্থান সৃষ্টি করে, যা পরোক্ষভাবে আরও অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি করে। একে “মাল্টিপ্লায়ার এফেক্ট” বলা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতিতে বিনিয়োগের মাল্টিপ্লায়ার সাধারণত ২.৫ থেকে ৩.৫ ধরা হয়। অর্থাৎ, ১ ডলার বিনিয়োগ অর্থনীতিতে ২.৫ থেকে ৩.৫ ডলারের সমপরিমাণ প্রবৃদ্ধি তৈরি করতে পারে। তাহলে আসুন একটু হিসাব করিঃ

যদি মাল্টিপ্লায়ার = ২.৫ ধরা হয়, তাহলে ২৫৬ বিলিয়ন × ২.৫ = ৬৪০ বিলিয়ন ডলার অর্থনীতিতে যুক্ত হতে পারত। অন্যদিকে যদি মাল্টিপ্লায়ার = ৩.৫ ধরা হয়, তাহলে ২৫৬ বিলিয়ন × ৩.৫ = ৮৯৬ বিলিয়ন ডলার যুক্ত হতে পারত। তাহলে আজকের দিনে ২০২৫ সালে সাম্ভাব্য জিডিপির চেহারা হতো? বর্তমান জিডিপি এবং পাচার করা অর্থের বিনিয়োগের প্রভাব যোগ করে আমরা এই হিসাবটা পাব। সেই হিসাবে দেশের বর্তমান জিডিপির আকার হবার কথা, ৪৫০ বিলিয়ন + ৬৪০ বিলিয়ন = ১০৯০ বিলিয়ন/১.০৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, অথবা ৪৫০ বিলিয়ন + ৮৯৬ বিলিয়ন = ১৩৪৬ বিলিয়ন/১.৩৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।

আগেই উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৬-৭%। যদি পাচার করা অর্থ বিনিয়োগের কারণে জিডিপি ১.০৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছাত, তাহলে বার্ষিক প্রবৃদ্ধির হার ১২-১৫% পর্যন্ত হতে পারত। আর যদি জিডিপি ১.৩৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছাত, তাহলে প্রবৃদ্ধি ১৫-১৮% পর্যন্ত হতে পারত। বৈশ্বিক অর্থনীতিতে ১৫-১৬ বছর ধরে এই হারে প্রবৃদ্ধি ধরে রাখার রেকর্ড বিশ্বের কোন দেশের নেই। এটি নিতান্তই অলিক কল্পনামাত্র!

আসুন ধারাবাহিক ভাবে দীর্ঘ সময় উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা দেশসমূহের তালিকাটা দেখা যাক। তালিকার এক নম্বরে রয়েছে চীন। ১৯৮০ সাল ২০১৫ পর্যন্ত ছিলো চীনের গড় প্রবৃদ্ধি হার ছিলো ১০%। দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনামের গড় প্রবৃদ্ধি ২০০২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলো ৬.৫%-৭%। তৃতীয় স্থানে থাকা ভারতের গড় প্রবৃদ্ধি ১৯৯১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিল ৬%-৭.৫%। ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ইথিওপিয়া গড় প্রবৃদ্ধি ধরে রেখেছিলো ৮%-১০%। আর তালিকার পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিলো ৬%-৭%। হ্যা, এটি আওয়ামীলীগ সরকারের আমলেই।

অন্তর্বর্তী সরকারের আনীত অভিযোগ অর্থাৎ পাচার করা অর্থ দেশের অর্থনীতিতে বিনিয়োগ হলে আলোচ্য সময়ে ১২%-১৫% বা ১৫%-১৮% প্রবৃদ্ধি হারে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যেতো। কিন্তু বৈশ্বিক অর্থনীতির পরিসংখ্যা অনুযায়ী একটি উন্নয়নশীল দেশে গড় প্রবৃদ্ধি হার ১২%-১৫% বা ১৫%-১৮% হওয়া অবাস্তব। পৃথিবীর ইতিহাসে এমনটি কোন দেশেই হয়নি। অর্থাৎ ২০২৫ সালে ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার জিডিপির একটি দেশ হতে থেকে ১৬ বছরে ২৫৬ বিলিয়ন মার্কিন ডলার পাঁচার একটি অসম্ভব ও অবাস্তব বিষয়। বাংলাদেশের মতো দূর্নীতিপ্রবণ একটা রাষ্ট্র থেকে বিদেশে অর্থ পাচার অবশ্যই হয়, কিন্তু সেই অর্থনীতি থেকে ২৫৬ বিলিয়ন ডলার পাচার করে, ২০০৯ এ ৯১.৬ বিলিয়ন ডলার থেকে ২০২৫ এ ৪৫০ বিলিয়ন ডলার জিডিপিতে উন্নীত হওয়া কখনোই সম্ভব না। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ফরমায়েশি শ্বেতপত্রে আনীত অভিযোগ পুরোটাই অবাস্তব আর উদ্দেশ্য প্রণীত।

অর্থপাচার বিশ্বের সকল দেশের জন্যই একটি বড় সমস্যা। বাংলাদেশও এই সমস্যা থেকে মুক্ত নয়, আওয়ামীলীগ সরকারের সময়েও ছিলো না। কেননা অর্থপাচারের নেটওয়ার্কের সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পর্যায় পর্যন্ত জড়িত থাকে। বিদেশ থেকে টাকা পাঠানোকে ব্যক্তিগত পর্যায়ে অনেকেই তেমন বড় অপরাধ মনে করেন না, কিন্তু অর্থ পাচারের এটাও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তার সাথে রয়েছে আমদানিকারক ও রফতানীকারকদের আন্ডার ইনভয়েসিং এবং অভার ইনভয়েসিং এর বিষয়। এগুলোর সাথে সরাসরি সরকার জড়িত থাকে না। সরকারের কাজ হলো যথাযথ পলিসি তৈরি করা। কিন্তু সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সেই পলিসির বাস্তবায়ন সম্ভব হয়না। তাই বিদেশে অর্থ পাচার আওয়ামীলীগ সরকারের সময়েও চলমান ছিলো। কিন্তু তাই বলে ২৫৬ বিলিয়ন ডলার পাচার অর্থনীতির কোন থিউরিতেই বাস্তবসম্মত নয়। আর যদি হয়েই থাকে তাহলে এর স্বপক্ষে প্রমাণ কোথায়? নাকি নিজেদের ব্যর্থতা আড়ালের জন্যই এই অপচেষ্টা। সময় এর উত্তর অবশ্যই দিবে।

পরিচিতি: সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক

 

 

Visited 246 times, 1 visit(s) today