চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করল আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করল আইসিসি
শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক পাঁচ দিন আগে, আইসিসি টুর্নামেন্টের প্রাইজমানি জানিয়ে দিল। এবার বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে মোট ৬৯ লক্ষ মার্কিন ডলার, বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় ৮৪ কোটি টাকা। যা ২০১৭ সালের শেষ আসরের থেকে ৫৩ শতাংশ বেশি!

বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা, তাদের বিজ্ঞপ্তিতে জানালো, ফাইনালে জিতলে পকেটে আসবে ২২ লক্ষ ৪০ হাজার ডলার, সঙ্গে ট্রফি তো থাকছেই। রানার্স-আপ দলও খালি হাতে ফিরবে না, তাদের জন্য থাকছে ১১ লক্ষ ২০ হাজার ডলার। সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দল দুটিও ৫ লক্ষ ৬০ হাজার ডলার করে নিয়ে যাবে।

পুরস্কারের এখানেই শেষ নয়। পঞ্চম আর ষষ্ঠ স্থানে থাকা দল দুটিও পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার করে। সপ্তম আর অষ্টম স্থানাধিকারীরাও ১ লক্ষ ৪০ হাজার ডলার করে পাবে। আর শুধু অংশ নিলেই আটটি দলই ১ লক্ষ ২৫ হাজার ডলার করে পাবে। শুধু তাই নয়, ম্যাচ জেতারও আলাদা সুযোগ থাকছে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জিতলেই ৩৪ হাজার ডলারের বেশি পুরস্কার জুটবে ভাগ্যবান দলের।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তান। প্রতি গ্রুপের প্রথম দুটি দল যাবে সেমি-ফাইনালে। প্রথম সেমি-ফাইনাল হবে দুবাইয়ে, আর দ্বিতীয় সেমি-ফাইনাল লাহোরে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে দুবাইয়ে। আর যদি ভারত ফাইনালে না ওঠে, তাহলে ম্যাচটি হবে লাহোরে।

Visited 64 times, 1 visit(s) today