নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা বসিয়েছি, কিন্তু সরকারের কিছু সদস্যের মধ্যে ভারতের প্রভাব স্পষ্ট হয়েছে। আমরা ভারতকে কখনোই মেনে নেবো না। ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই আমাদের পক্ষে গ্রহণযোগ্য হবে না। অতীতের সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করা উচিত।’
তিনি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. তাহের আরও বলেন, ‘অতীতে, বিগত সরকার মিথ্যা মামলায় ও ভুয়া সাক্ষীর মাধ্যমে এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়। তবে দেশ এখন ফ্যাসিস্ট মুক্ত হলেও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্য। সরকার যদি তাকে মুক্তি না দেয়, তাহলে কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিন, অথবা আপনারা ক্ষমতা ছাড়ুন।’
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।
এ ছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী, কুমিল্লা মহানগরী শিবিরের সভাপতি হাছান আহমেদসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে টাউন হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
