মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া সেই কিশোরী ১০ দিন পর উদ্ধার

মায়ের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া সেই কিশোরী ১০ দিন পর উদ্ধার
শেয়ার করুন
নিজস্ব সংবাদদাতা

নোয়াখালী সদর উপজেলায় কোচিংয়ে যাওয়ার পথে মায়ের সামনে থেকে এক কিশোরীকে অপহরণ করে নেওয়া হলে র‍্যাব তাকে উদ্ধার করেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই যুবককে নোয়াখালীর মুখ্য বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন, জানান র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

ঘটনার ১০ দিন পর, সোমবার বিকালে, উপজেলার নোয়াখালী মতিপুর গ্রাম থেকে ওই স্কুলছাত্রী ও যুবককে গ্রেপ্তার করা হয়, জানান তিনি।

গ্রেপ্তার যুবক আবুল হোসেন হৃদয় (২৪) উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করত হৃদয়। ৭ই ফেব্রুয়ারি বিকালে মায়ের সঙ্গে কোচিংয়ে যাওয়ার পথে হৃদয় ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে করে এসে ওই কিশোরীর মাকে ধাক্কা দিয়ে ফেলে তাকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর বাবা আদালতে মামলা করেন। পরে আদালতের আদেশে ১৬ই ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়।

সোমবার বিকালে অভিযান চালিয়ে র‍্যাব আসামি ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই কিশোরীকে উদ্ধার করা এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

এছাড়া আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।

Visited 39 times, 1 visit(s) today