নিজস্ব প্রতিবেদক
চলতি শিক্ষাবর্ষের দুই মাস পেরিয়ে গেলেও এখনো কোমলমতি শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই দিতে পারেনি ইউনূস সরকার।
নবম শ্রেণির ইংরেজিসহ মাধ্যমিক পর্যায়ের একাধিক বই এখনও ছাপা সম্ভব হয়নি। এনসিটিবি জানিয়েছে, প্রায় তিন কোটির মতো পাঠ্যবই এখনো ছাপার বাকি রয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দাবি করেছে আগামী ১০ই মার্চের মধ্যে শিক্ষার্থীরা পাঠ্যবই হাতে পেয়ে যাবে।
যদিও এর আগে এনসিটিবি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কয়েক দফা আশ্বাস দিয়েছিলেন শিক্ষার্থীরা সময়মত বই হাতে পেয়ে যাবে। যদিও সব আশ্বাস ব্যর্থ হয়েছে ইতিমধ্যে।
প্রসঙ্গত, গত ৯ই জানুয়ারি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।’ এরপর গত ১৩ই জানুয়ারি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে।’
কিন্তু এখন পর্যন্ত কেউ কথা রাখেনি। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে নিয়মিত পাঠদান থেকে। এতে সিলেবাস সম্পন্ন হওয়া নিয়ে শঙ্কায় আছে তারা।
এদিকে, শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পেরে এনসিটিবি অভিযোগ করেছে, তিন কোটি পাঠ্যবই ছাপার জন্য প্রয়োজনীয় কাগজ মজুত থাকলেও ছাপাখানার মালিকরা কাগজ তুলছেন না। এ কারণে বই ছাপা সম্ভব হচ্ছে না। তবে ছাপাখানা-সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার সময়মতো কাগজ সরবরাহ করতে না পারায় বই ছাপা সম্ভব হচ্ছেনা।
এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, এখনো তিন কোটি বই ছাপা বাকি আছে। প্রেসগুলো কাগজ না ওঠানোয় ছাপা হয়নি বই।
তবে আগামী ১০ই মার্চের মধ্যে সব বই ছাপা এবং সরবরাহ নিশ্চিত হবে বলে জানান তিনি।
মুদ্রণ শিল্প সমিতির সভাপতি তোফায়েল খান বলেন, “মার্চে কাগজ ম্যানেজ করে ফেব্রুয়ারির মধ্যে বই চাইলে কীভাবে দেওয়া সম্ভব!
এনসিটিবি প্রথম কিস্তির কাগজ বিলম্বে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্বিতীয় কিস্তির কাগজ গতকাল মঙ্গলবার (৪ঠা মার্চ) দেওয়ার কথা থাকলেও পুরোটা দিতে পারেনি। দ্বিতীয় কিস্তির কাগজ না দিয়ে পাঠ্যবইয়ের জন্য চাপ দেওয়ার কারণে অনেকে বাইরে থেকে কাগজ কিনে বই ছাপিয়েছে। অথচ এখনও দ্বিতীয় কিস্তির বাকি কাগজসহ তৃতীয় কিস্তির সব কাগজও দিতে পারেনি এনসিটিবি।
কাগজ সংকটের বিষয়ে তিনি বলেন, এনসিটিবি’র ভুল পরিকল্পনাই সমস্যার কারণ। তবে মার্চের মাঝামাঝি সব বই ছাপা সম্ভব হবে বলে জানান তিনি।
এনসিটিবি জানিয়েছে, চলতি শিক্ষা বছরে পাঠ্যবইয়ের চাহিদা প্রায় ৪০ কোটির মতো। এবতেদায়ি মাদ্রাসা এবং মাধ্যমিক স্তরের জন্য ২ কোটি ৩১ লাখ এবং প্রাথমিক স্তরের বই ৯ কোটি ২০ লাখের মতো। এসব বইয়ের তিন কোটি বই এখনও ছাপা হয়নি বলে সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, এ পর্যন্ত মাধ্যমিক স্তরে ২৭ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২১৩টি পাঠ্যবই ছাপা হয়েছে। এর মধ্যে এখনো বিতরণ বাকি আছে সাড়ে ৩ কোটি পাঠ্যবই।
এদিকে প্রাথমিকের ছাপা হওয়া ৯ কোটি ১২ লাখ ১৬ হাজার ৬১০টি বইর মধ্যে এখনও ছাপার বাকি ১১ লাখ পাঠ্যবই।
চলতি শিক্ষাবর্ষে ইউনূস সরকার শিক্ষার্থীদের বই না দিয়ে দমনপীড়ন ও মেটিক্যুলাস ষড়যন্ত্র বাস্তবায়নে অধিক মনোযোগী হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা হুমকির মুখে পড়েছে বলে মনে করেন অভিভাবকরা।
