বৈশাখ এখনও আসেইনি, এরমধ্যেই শুরু হয়েছে তীব্র দাবদাহ। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল, তবে একদিনের ব্যবধানে তা ২ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।
১৩ই মার্চ, বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভূত হওয়ায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত বছর এই দিনে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, তবে এবারের তীব্র গরমের অনুভূতি আরও বেশি। এর আগে, ১২ই মার্চ,বুধবার ৩৫.৩ ডিগ্রি এবং ১১ই মার্চ, মঙ্গলবার ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
গরম মৌসুমের শুরুতেই এমন প্রচণ্ড রোদে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। তীব্র তাপদাহের কারণে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানিয়েছেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল, তবে হঠাৎ আজ তা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
তার মতে, এবার গরমের পিক সময়ে এই তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে।
