নিজস্ব সংবাদদাতা
বরগুনার আমতলীতে ইসমাইল শাহ মাজারে বাৎসরিক ওরস চলাকালে উগ্রবাদী গোষ্ঠী “তৌহিদি জনতার” নাম দিয়ে এসে মাজারটি ভেঙে আগুন ধরিয়ে দেয়। এতে মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি বৈঠকখানা পুড়ে যায়। এ ঘটনায় তৌহিদি জনতার হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
১৬ই মার্চ, রোববার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানান মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুল। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে- সোলায়মান (৩৮), রেজাউল (১৮), বাদল মৃধা (৪০), দুলাল মৃধা (৪২), আবু বকর (২৯), আবুল হোসেন (২৮), আব্দুল্লাহ আল নোমান (২৮), মো. মামুন (৪৩), আবুল কালাম (৪২), জোবায়ের (১৯) ও ফজলুল করিমকে (২৭) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ১৯৯৬ সালে স্থাপিত ইসমাইল শাহ মাজারে প্রতি বছর দুই দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় ৫ শতাধিক ভক্তের উপস্থিতিতে ২৮তম ওরস শুরু হয়। পরে রাতেই চর্মনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমতলী শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এসে ওরস বন্ধের দাবি জানান।
এ নিয়ে মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলের সঙ্গে বাকবিতণ্ডার পর তারা মাজারে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন।
মাজারের খাদেম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “মুফতি ওমর ফারুক জেহাদীর নেতৃত্বে শতাধিক সমর্থক লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে মাজারে হামলা চালায় এবং আগুন দেয়। এতে মাজারের ভেতরের গিলাফ ও দুটি বৈঠকখানা সম্পূর্ণ পুড়ে গেছে।”
তিনি আরও বলেন, “তারা ভক্তদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত ৩৫-৪০ জন গুরুতর আহত হন। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
অন্যদিকে, মুফতি ওমর ফারুক জেহাদী দাবি করেন, “এটি ভণ্ডদের আস্তানা। এখানে ওরসের নামে গান-বাজনা, গাঁজা সেবন এবং নারীদের সমাবেশ হয়। নারী ভক্তরা পীরের কবরে ও প্রধান খাদেম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুলের পায়ে সেজদা দেয়। যা সম্পূর্ণ ইসলামবিরোধী।”
তবে গাঁজা সেবন, খাদেমের পায়ে সেজদার এসব অভিযোগ মাজারের ভক্ত-আশেকানরা সরাসরি অস্বীকার করেছেন। তারা জানান, এসব জঙ্গি ওমর ফারুক জেহাদীর মনগড়া অভিযোগ। তিনি কোনো প্রমাণ দিতে পারবেন না এসবের। ভাঙচুর-অগ্নিসংযোগের পর এখন এসব প্রলাপ বকছেন তিনি।
ওমর ফারুক জেহাদীর দাবি, “আমি মাজারের খাদেম মোস্তাফিজুর রহমান বাবুলকে অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তিনি তা না শুনে তার অনুসারীদের দিয়ে আমার লোকজনের ওপর হামলা করিয়েছেন। তাই আমি এই ভণ্ড মাজারের খাদেম বাবুল ও তার সহযোগীদের শাস্তির দাবি করছি।”
আমতলী ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ বলেন, “দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে মাজারের ভেতরের শামিয়ানা ও দুটি ঘর পুড়ে গেছে।”
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
