নিজস্ব প্রতিবেদক
জেনেভা, ২২ এপ্রিল ২০২৫: বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্লাউস শোয়াব সোমবার (২১ এপ্রিল) তাঁর পদ থেকে অব্যাহতি নিয়েছেন। ৫৫ বছরেরও বেশি সময় ধরে ফোরামের নেতৃত্বে থাকা ৮৮ বছর বয়সী শোয়াব তাঁর পদত্যাগের ঘোষণায় বলেন, “আমার সাম্প্রতিক ঘোষণার পর এবং ৮৮তম বছরে পদার্পণের সঙ্গে সঙ্গে আমি চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
ডব্লিউইএফ-এর বোর্ড অব ট্রাস্টিজ ২০ এপ্রিল একটি বিশেষ সভায় শোয়াবের পদত্যাগ গ্রহণ করে এবং ভাইস চেয়ারম্যান পিটার ব্রাবেক-লেটমাথেকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে।
শোয়াব, যিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বন্ধু হিসেবে পরিচিত, ১৯৭১ সালে ইউরোপীয় ম্যানেজমেন্ট ফোরাম হিসেবে ডব্লিউইএফ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এটি বিশ্বের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের মিলনমেলায় পরিণত হয়, যা সুইজারল্যান্ডের দাভোসে প্রতি বছর অনুষ্ঠিত হয়। তাঁর নেতৃত্বে ফোরামটি বিশ্বায়নের প্রতীক হিসেবে আবির্ভূত হয়, যদিও সাম্প্রতিক বছরগুলোতে এটি সমালোচনার মুখে পড়েছে।
শোয়াবের পদত্যাগের কারণ হিসেবে তিনি কেবল তাঁর বয়সের কথা উল্লেখ করেছেন, তবে সাম্প্রতিক সময়ে ফোরামের অভ্যন্তরীণ কর্মসংস্কৃতি নিয়ে অভিযোগ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবও এর পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডব্লিউইএফ জানিয়েছে, পিটার ব্রাবেক-লেটমাথে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফোরাম তার মিশন ও মূল্যবোধের প্রতি অটল থাকবে। বোর্ড অব ট্রাস্টিজ বিশ্বের দ্রুত রূপান্তরের এই সময়ে সংলাপ ও সহযোগিতার মাধ্যমে অগ্রগতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
শোয়াবের পদত্যাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে বিশ্বায়নবাদী ব্যবস্থার পতনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে, ফোরামের প্রতিষ্ঠাতা হিসেবে শোয়াবের অবদানকে স্বীকার করে বোর্ড তাঁর ৫৫ বছরের নিরলস নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Visited 80 times, 1 visit(s) today
