নিজস্ব প্রতিবেদক | ২রা মে, ২০২৫
চিকিৎসার জন্য লন্ডনে ৪ মাস অবস্থানের পর ৫ই মে, সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সাথে তার দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও শর্মিলা রহমানও ফিরছেন।
তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন না দেশে। গত বছরের জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনের অন্যতম কুশীলব ছিল বিএনপি। হামলা, নাশকতা, সহিংসতার পর আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটানোর পর নতুন করে দেশ স্বাধীন করেছেন বলে অসংখ্যবার তরুণদের সাধুবাদ জানানো তারেক রহমানের স্ত্রীর ‘নয়া স্বাধীন’ দেশে নিরাপত্তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়ে শঙ্কা।
জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও গাড়িসহ পুলিশি নিরাপত্তা’ চাওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ঠা মে (পরে দল থেকে ৫ই মে বলা হয়েছে) দেশে ফিরবেন। জোবাইদা রহমান তার সফরসঙ্গী হিসেবে দেশে আসবেন।
জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন উল্লেখ করে চিঠিতে বলা হয়, জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
চিঠিতে সাক্ষর করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের; তারিখ দেওয়া ৩০শে এপ্রিল।
চিঠির বিষয়টি নিশ্চিত করে আবদুস সাত্তার বলেন, “উনার (জোবাইদা রহমান) নিরাপত্তা নিশ্চিত করতে এ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তারা চার ধরনের নিরাপত্তা চেয়েছেন, যার মধ্যে রয়েছে- সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।
