সংবাদ প্রতিবেদন | ৩রা মে, ২০২৫
উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে একটি সমাবেশ করে। এতে অংশ নেয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশের সভাপতিত্ব করেন হেফাজতের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব করেন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
নারী সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পেশ করার পর জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি যুদ্ধাপরাধী, উগ্রবাদী সংগঠন ও গোষ্ঠী কমিশনটি বাতিলের দাবি তোলে। তারা নারী সমানাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন বক্তব্য দেয়, যা নারী বিদ্বেষকে উৎসাহিত করছে বলে মনে করছেন নারী অধিকার কর্মীরা।
নারী নেতৃত্বে গড়ে ওঠা জুলাই সহিংসতায় অংশগ্রহণকারীরা এনসিপির সমাবেশে অংশগ্রহণকে হতাশার সঙ্গে গ্রহণ করেছেন। বৈছা কর্মী সুমাইয়া তাবাসসুম তার ফেসবুক পোস্টে লেখেন:
“আগে যদি জানতাম নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে দিনশেষে এনসিপি ওই নারী বিদ্বেষী মোল্লাদের সাথে হাত মেলাবে, তাহলে জীবনেও রাস্তায় নামতাম না। দুঃখজনক হলেও বলতে হয়, শেখ হাসিনার আমলেই আমরা নারীরা বেশি নিরাপদ ছিলাম।”
নারী অধিকার সংগঠন জাগরণী বাংলাদেশ বিবৃতিতে জানায়, “নারী অধিকার প্রতিষ্ঠার কথা উঠলেই একদল যুক্তিহীনভাবে ঝাঁপিয়ে পড়ে। তারা নারীকে ঘরবন্দী করতে চায়। আজকের সমাবেশে নারীদের নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য তাদের সংকীর্ণ মানসিকতার প্রমাণ। এমন নারী বিদ্বেষী সমাবেশে এনসিপির অংশগ্রহণ তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে প্রকাশ করেছে।”
সমাবেশে হেফাজতে ইসলাম ১২ দফা দাবি উপস্থাপন করলেও, পুরো সময় জুড়ে নারীদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়া হয়। তবে এনসিপির প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ নারী সংস্কার কমিশন নিয়ে কোনো বক্তব্য না দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
তরুণ সমাজের বড় অংশই নারীদের নিয়ে গঠিত এই রাজনৈতিক দলের এমন নারীবিরোধী সমাবেশে অংশগ্রহণ এনসিপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকের মতে, এই পদক্ষেপ তাদের তরুণ ও প্রগতিশীল সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করবে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।
