নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় এক পক্ষ ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জামায়াতের আহত তিন নেতাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে বিএনপিরও একজন কর্মী আহত হয়েছেন, তবে তাঁকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
আহত জামায়াত নেতাদের মধ্যে পরিচয় পাওয়া গেছে তিনজনের—উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, ইউনিয়ন জামায়াত নেতা মোহাম্মদ আলী এবং আবদুস সালাম।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বিকেলে জঙ্গল সলিমপুরে জামায়াত ও বিএনপির পৃথক দুটি সভা আহ্বান করা হয়। জামায়াত স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এস এম পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করে। অন্যদিকে, কাছাকাছি একটি মাদ্রাসায় বিএনপির একটি প্রস্তুতি সভা চলছিল, যেখানে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল।
উভয় পক্ষের কর্মীরা সভাস্থলে যাওয়ার পথে মুখোমুখি হলে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা গেছে। পুলিশ গিয়ে আহত জামায়াত নেতাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখনও পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
