গুপ্ত সংগঠনের ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি

গুপ্ত সংগঠনের ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা, ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।

এই হত্যাকাণ্ডের পিছনে এনসিপি ও বৈছা নেতৃবৃন্দসহ গুপ্ত সংগঠন শিবিরের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তারা।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ভিসি চত্বরের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতারা। সেখানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নানা স্লোগান দেন— ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, ‘আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘নয় মাসে দুই খুন, ভিসি-প্রক্টরের অনেক গুণ’ ইত্যাদি।

ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ভিসি ও প্রক্টর। তাই তাদের পদত্যাগ করা উচিত।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারকে কোনো গোষ্ঠীকে সহায়তা করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি।’

অন্যদিকে গণেশ রায় বলেন, ‘যদি দ্রুত ভিসি ও প্রক্টরকে সরানো না হয়, তাহলে আমরা এই ইন্টেরিম সরকারকেই সরানোর জন্য আন্দোলনে নামব।’

ছাত্রদল জানায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে আরেকটি বিক্ষোভ সমাবেশ হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

Visited 137 times, 1 visit(s) today