নিজস্ব প্রতিবেদক
গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডর প্রদান ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন এসব কাজ অন্তর্বর্তী সরকারের অধিকারভুক্ত নয়।
ঢাকার গুলশানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, “মানবিক করিডর বা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে। অন্তর্বর্তী সরকারের এ ধরনের পদক্ষেপ জনগণের মধ্যে প্রশ্নের জন্ম দিচ্ছে।”
তিনি আরও বলেন, সরকারের কাজ ও পরিকল্পনা সম্পর্কে জনগণের অজ্ঞতা রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। নানা দাবিতে রাজপথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাবেশ এরই প্রমাণ। মাত্র ১০ মাসেই সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্টতার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, “পরিস্থিতি ঘোলাটে না করে এখনই নির্বাচন নিয়ে নির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা করা দরকার।”
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচন ইস্যুতে “অল্প সংস্কার-বেশি সংস্কার” নামের এক কৌশলগত ফাঁদ তৈরি করেছে।
এসময় এনবিআর সংস্কার, বিনিয়োগ পরিস্থিতি, এবং সরকারের দক্ষতা নিয়েও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, “তড়িঘড়ি করে এনবিআর সংস্কার শুরু করায় পরিস্থিতি হিতে বিপরীত হয়েছে। বিনিয়োগের পরিবেশও আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বড় কোনো বিনিয়োগ আশা করা কঠিন।”
তারেক রহমান সরকারকে “এলিট ক্লাব বা কর্পোরেট প্রতিষ্ঠান নয়, বরং একটি রাজনৈতিক প্রতিষ্ঠান” হিসেবে অভিহিত করে বলেন, “সরকার পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। উপস্থিত ছিলেন বিএনপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিদেশি কূটনীতিকরা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান ও শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
