সংবেদনশীল করিডর ইস্যুতে জড়াবে না সেনাবাহিনী, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

সংবেদনশীল করিডর ইস্যুতে জড়াবে না সেনাবাহিনী, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-মিয়ানমার করিডর ইস্যুকে ‘সংবেদনশীল’ উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত নিরাপত্তায় তারা কোনো ধরনের ছাড় দেবে না এবং এমন কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবে না, যা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।

সোমবার (২৬ মে) সেনাসদরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বলা হয়, সেনাবাহিনী সবসময় দেশের সীমান্ত রক্ষায় প্রস্তুত এবং শক্তির শেষ বিন্দু পর্যন্ত কাজ করবে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আরাকান আর্মির (এএ) সঙ্গে সেনাবাহিনীর কোনো সরাসরি যোগাযোগ নেই।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বলা হয়, আরসা (আরাকান রোহিঙ্গা সলিডারিটি আর্মি) বাহিনী সশস্ত্র অবস্থায় টহল দিচ্ছে, যা উদ্বেগজনক। সীমান্ত এলাকা বর্তমানে অত্যন্ত সংবেদনশীল, তাই সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), যা ‘বম পার্টি’ নামেও পরিচিত, তাদের বিষয়ে জানাতে গিয়ে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী সংগঠনটির ৩০ হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। এই তথ্য যথেষ্ট বস্তুনিষ্ঠ এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বম সম্প্রদায়ের মোট জনসংখ্যা প্রায় ১২ হাজার, তাই সংগঠনটির কাছে এত সংখ্যক পোশাক কীভাবে এল, তা খুঁজে দেখা হচ্ছে।

সীমান্তে ‘পুশইন’ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ব্রিফিংয়ে জানানো হয়, এই পরিস্থিতি বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়ন্ত্রণ করছে। তবে প্রয়োজনে সেনাবাহিনীও সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

Visited 379 times, 1 visit(s) today