চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

সিলেট নগরীর কাজির বাজার এলাকায় চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে রুমন (২২) নামে এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ ১৩ই জুলাই, রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রুমন কাজির বাজার এলাকার মাছ বাজার সংলগ্ন শাপলা হোটেলের কর্মচারী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাইট গার্ড হিসেবে কর্মরত আব্বাস নামের এক ব্যক্তি সকালে চা পান করতে শাপলা হোটেলে আসেন। চা পরিবেশনে দেরি হওয়ায় তিনি রুমনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও স্থানীয়রা বিষয়টি মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর আব্বাস আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে এসে রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যান তারা।

গুরুতর আহত অবস্থায় রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে আরও তদন্ত করা হচ্ছে।

Visited 5 times, 1 visit(s) today