যুদ্ধাপরাধী জামায়াতকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ বাংলাদেশ রেলওয়ের

যুদ্ধাপরাধী জামায়াতকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ বাংলাদেশ রেলওয়ের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের ৭ই মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক দেওয়া এবং ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর ৯৩ হাজার সৈন্যের আত্মসমর্পণের স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে (পূর্বে: রেসকোর্স ময়দান) যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ১৯শে জুলাই, শনিবার। সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী তাদের ঘৃণ্য ইতিহাসে এই প্রথমবার সোহরাওয়ার্দী উদ্যানের মত জাতির গৌরবময় স্থানে “জাতীয় সমাবেশ” করার সুযোগ পেয়েছে।

ট্রেন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পাওনা পরিশোধের পর বিধি মোতাবেক ট্রেন দুটি বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রেন দুটির সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাতায়াতেও কোনো অসুবিধা হবে না।

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে ট্রেন বরাদ্দের জন্য জামায়াতের রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারি কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী থেকে চলাচলকারী এ স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে।

ট্রেনটি ১৮ই জুলাই, শুক্রবার দিবাগত রাত ১টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে এবং সমাবেশ শেষ করার পর ১৯শে জুলাই, শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসবে।

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) আব্দুল আওয়াল গত ১৬ই জুলাই এ-সংক্রান্ত চিঠি ইস্যু করেছেন।

সেই চিঠিতে বলা হয়, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (শনিবার) স্পেশাল ট্রেনটি পরিচালিত হবে। এ ট্রেনে ১৪টি বগি থাকবে এবং মোট আসন সংখ্যা ১,১৭৯ টি। এর মধ্যে ২৪টি এসি বার্থ ও বাকিগুলো শোভন চেয়ার। মধুমতি এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু হয়ে চলাচল করলেও এদিন তা যমুনা সেতু হয়ে চলাচল করবে।

এছাড়াও ট্রেনটি উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

চিঠিতে আরও বলা হয়, উপর্যুক্ত তথ্যাদির আলোকে স্পেশাল ট্রেন পরিচালনা এবং প্রচলিত নিয়ম অনুসারে বর্ণিত ট্রেনগুলোর পাওনা পরিশোধ সাপেক্ষে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে যুদ্ধাপরাধী জামায়াতের রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারী শাহাদাৎ হোসাইন বলেন, শনিবার মহাসমাবেশ সফল করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। রাজশাহী থেকে ৭০টি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে। মহানগরী থেকে ২৫-৩০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবে। আমাদের ট্রেন সাড়ে ১২টায় রাজশাহী থেকে ছাড়বে। এছাড়াও আজ বিকেল থেকে যত ট্রেন যাবে, সব ট্রেনের যাত্রীই আমাদের নেতাকর্মীরা।

জানা গেছে, জামায়াতের সমাবেশ উপলক্ষ্যে সিরাজগঞ্জ বাজার-ঢাকা-সিরাজগঞ্জ রুটেও একটি স্পেশাল ট্রেন চলাচলের বরাদ্দ দেওয়া হয়েছে। ১৭ই জুলাই বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর জেনারেল ম্যানেজারের (পশ্চিম) পক্ষ থেকে ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার বরাদ্দের চিঠি ইস্যু করেন।

সেই চিঠিতেও বলা হয়েছে, এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে।

Visited 52 times, 1 visit(s) today