প্রিয় গোপালগঞ্জবাসী
আমার সালাম নেবেন। আজ খুবই বিমর্ষ, ও ব্যথিত হৃদয়ে আপনাদের লিখতে বসেছি। গতবছর এই দিনে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা খোলা চিঠি লিখেছিলাম বাংলাদেশে কী হতে যাচ্ছে সেটি জানিয়ে, আমার উদ্বেগ প্রকাশ করে এবং আওয়ামী লীগ সরকারের কী করণীয় সেটি জানিয়ে। সেই চিঠি সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়নি – আমি সাধারণ মানুষ, না পৌঁছানোরই কথা। এবং ধারাবাহিকভাবে আমরা দেখলাম বাংলাদেশের পতন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতা দখল ও আস্ফালন।
আজ ১ বছর পর আমি আবারও একটা খোলা চিঠি লিখতে বসেছি, তবে এবার আপনাদের কাছে। আপনাদের প্রতিটি মানুষকে। আমার গোপালগঞ্জের প্রতিটি ভাই-বোন-বন্ধু-মুরুব্বীকে।
গোপালগঞ্জকে আমি কেবল আওয়ামী লীগের প্রাণকেন্দ্র, কিংবা ভোট ব্যাংক হিসেবে দেখি না। আমি দেখি গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুতিকাগার। গোপালগঞ্জে জন্ম সেই মানুষটির যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে স্বাধীন করেছেন – হয়েছেন জনগণের “বঙ্গবন্ধু”। গোপালগঞ্জে আজ ইউনুস-পঞ্চতান্ডব ও ডার্টি মাস্টারমাইন্ডদের সন্ত্রাসী বাহিনীদের হামলায় নিহত হয়েছে অন্তত ১৮ জন মানুষ। এই ১৮ জন মানুষ ১২ লক্ষ গোপালগঞ্জবাসীকে প্রতিনিধিত্ব করে। এই ১৮ জন মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ঐক্যবদ্ধ থাকলে ফেরাউনও ফিরে যেতে বাধ্য হয়। গত ১১ মাসে গোপালগঞ্জ যেন পরিণত হয়েছে ১৯৭১ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের আশা ও ভরসার কেন্দ্রবিন্দুতে।
গোপালগঞ্জের ১২ লক্ষ মানুষ আজ বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে মাথা তুলে দাঁড়িয়েছে। ইউনুসের মৌলবাদী পুলিশ-সেনাবাহিনী ১৮ জন মানুষকে হত্যা করেছে। গোপালগঞ্জে আছে আরও ১১ লক্ষ ৯৯ হাজার ৯ শত ৮২ জন মানুষ। কতজনকে মারবে তারা? ১০০? ১০০০? ১০০০০? তবুও গোপালগঞ্জে থাকবে ১১ লক্ষ ৯০ হাজার মানুষ। আর গোপালগঞ্জের মানুষদের দেখে উজ্জীবীত হবে সারা বাংলাদেশ।
আমার জন্ম গোপালগঞ্জে নয়। আমি থাকি দেশের বাইরে। আমার আজ খুব খুব মনে হচ্ছে আমার জন্ম যদি গোপালগঞ্জে হতো আমি নিজেকে ধন্য মনে করতাম। তবুও আমি একজন বাংলাদেশী, জানি গোপালগঞ্জের মানুষ আমাকে তাদেরই একজন মনে করে। বঙ্গবন্ধুর প্রতিটি সৈনিক, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অন্তরে ধারণ করে তারা প্রত্যেকেই একেকজন গর্বিত “গোপালী”।
ইউনুস-পঞ্চতান্ডব ও মাস্টারমাইন্ডরা যখন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষদের কন্ঠরুদ্ধ করে রেখেছে, তখন আমার মতো সাধারণ মানুষরাই বিশ্বের নানাপ্রান্ত থেকে গোপালগঞ্জের মানুষের, বাংলাদেশের মানুষের হয়ে বিশ্ববাসীর কাছে আমাদের উপর চলমান অত্যাচার নিপীড়নের কথা তুলে ধরছে; এবং আমাদের এই চেষ্টা যে সফল হচ্ছে তার প্রমাণ বিএনপি-জামায়েত-এনসিপির গুন্ডাদের আমাদের বিদেশ থেকে কলম জারি রাখার প্রতি যে তীব্র ক্ষোভ সেটি থেকে।
আমাদের সামর্থ্য সীমিত, কিন্তু আমাদের মনোবল তুঙ্গে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাদের অধিকাংশই ছিলেন কৃষক-শ্রমিক-জনতা। আমাদের মতো সাধারণ মানুষ। পরাক্রমশালী পাকিস্তানী সেনাবাহিনী সেই সাধারণ কৃষক-শ্রমিক-জনতার কাছে পরাজিত হয়েছিল। একদিন এই পশ্চিমা বাহিনীর দাস ইউনুস বাহিনীকেও আমরা পরাজিত করব ইনশা আল্লাহ।
আমি আজকে গোপালগঞ্জের মানুষকে বলতে চাই – আপনারাই বাংলাদেশ। ১৯৭১ এ আমরা যে বাংলাদেশকে দেখেছিলাম, আপনারা আজ প্রমাণ করেছেন, সেই বাংলাদেশ পুরোপুরি হারিয়ে যায়নি। আমি আপনাদের ১২ লক্ষ মানুষের প্রত্যেকের মধ্যে একেকজন শেখ মুজিবকে দেখতে পাই। গোপালগঞ্জের প্রতিটি মানুষ আমার কাছে তার পিতা-মাতার আদরের একেকজন “খোকা”, গ্রামবাসীর সেই প্রিয় “মিয়া ভাই”, এবং সহযোদ্ধাদের প্রিয় “মুজিব ভাই”।
গোপালগঞ্জের প্রতিটি মানুষকে আমি দাঁড়িয়ে সালাম জানাই। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের দায়িত্ব আজ আপনাদেরই হাতে। আমাদের এ লড়াইটা দীর্ঘ হতে পারে, কিন্তু আমরা হারব না। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নিই, তাহলে আমরা জানি ন্যায়ের পথে পরাজয় নেই। আমাদের উপর হামলা-মামলা-জুলুম-অত্যাচার চলবে, কিন্তু লম্বা রাস্তার শেষে বিজয়ের হাসি আমাদেরই, এবং সেই বিজয়ের নেতৃত্ব দেবে গোপালগঞ্জবাসী।
গোপালগঞ্জের মৃত্যু নেই। সোনার বাংলার মৃত্যু নেই।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
আপনাদেরই প্রিয়,
