উদ্বোধনের একদিনের মধ্যেই ল্যাম্পপোস্টের তার-প্যানেল উধাও, অন্ধকারে ডুবল তিস্তা সেতু

উদ্বোধনের একদিনের মধ্যেই ল্যাম্পপোস্টের তার-প্যানেল উধাও, অন্ধকারে ডুবল তিস্তা সেতু
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা

গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত সেতু উদ্বোধনের মাত্র একদিনের মধ্যেই সেতুর ওপর স্থাপিত ল্যাম্পপোস্টের তার ও প্যানেল চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের ডিস্ট্রিবিউশন তার চুরি হয়ে যাওয়ায় পুরো সেতু অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। এতে যানবাহন ও পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা।

আজ ২২শে আগস্ট, শুক্রবার গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী তার-প্যানেল চুরির বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। উদ্বোধনের পরদিন কোনো এক সময় চোরেরা সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি করেছে। অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।

পথচারী, চালক ও স্থানীয়রা জানান, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার ভয় মাথায় নিয়ে পারাপার হতে হচ্ছে।

অনেকেই ভয় পাচ্ছেন, অন্ধকারে সেতুর ওপরে ওঁৎ পেতে আছে ডাকাত। সেতু পারাপারের চেষ্টা করলেই হয়ত জানমাল খোয়াতে হবে।

দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করার দাবি স্থানীয়দের। ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, চুরির অভিযোগ পেলে এটা খতিয়ে দেখা হবে। অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।

ওসি বললনে, স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করা হয়েছে। আশা করি এক মাসের মধ্যেই অনুমোদন পেয়ে যাবো।

উল্লেখ্য, গত ২০শে আগস্ট দুপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত তিস্তা সেতুর উদ্বোধন হয়। অন্তর্বর্তী সরকার সেতুটির নাম দিয়েছে মাওলানা ভাসানী সেতু। প্রতিদিন অনেক মানুষ সেতুটি দেখতে ভিড় জমাচ্ছেন।

Visited 2 times, 1 visit(s) today