নিজস্ব প্রতিবেদক। ২২শে আগস্ট, ২০২৫, শুক্রবার।
৭১ বছর বয়সী সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন। রাজধানীর রমনা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছেলে ঋত সরকার।পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন বিভুরঞ্জন। কিন্তু এরপর আর তিনি বাসায় ফেরেননি। খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসেও যাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসাতেই পড়ে আছে।
জিডিতে ঋত সরকার উল্লেখ করেন, “আমরা বাবার অফিসে (বনশ্রী) খোঁজ নিই এবং জানতে পারি যে তিনি অফিসে উপস্থিত হননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পাইনি। তাই থানায় সাধারণ ডায়েরি করেছি।”
রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, “আমরা খোঁজখবর নিচ্ছি। তবে তিনি ফোনটা বাসায় রেখে গেছেন। ফোনটা সাথে থাকলে হয়তো খুঁজে পেতে সুবিধা হত।”
বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার ফেইসবুকে লিখেছেন, “আজকের পত্রিকা অফিসে যাওয়ার জন্য দাদা সকাল ১০টায় বাসা থেকে বের হন। কিন্তু তিনি অফিসে পৌঁছাননি। পরিচিত পরিমণ্ডলেও যাননি। রাত ১টা পর্যন্ত তিনি বাসায় ফেরেননি। হাসপাতালে, পার্কে—কোথাও পাওয়া যাচ্ছে না। রাতেই থানায় জিডি করা হয়েছে।”
পরিবারের দাবি, শুক্রবার বিকাল পর্যন্তও তার কোনো খোঁজ মেলেনি।
এদিকে বিভুরঞ্জনের কর্মস্থল থেকে জানানো হয়েছে, তিনি ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে রয়েছেন। তবে এর আগে গত ১৪ আগস্ট তার লেখা একটি সম্পাদকীয় হঠাৎ ‘উইথড্র’ করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে নিয়ে লেখা সেই সম্পাদকীয় নিয়ে পত্রিকার ভেতরেও আলোচনা ছিল বলে জানা গেছে।
এই ঘটনার পর বিভুরঞ্জনের হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবার, সহকর্মী ও সাংবাদিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
