ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় বিজয়ী হয়েছে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে পরিচিত ছাত্রশিবি এমন অভিযোগ এনে ফলাফল বর্জন করেছে ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমাসহ ফাতেমাসহ বহু প্রার্থী।
ভোট কারচুপি, অনিয়ম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে দেশ-বিদেশে এই নির্বাচন সমালোচিত হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগ সামনে এনে প্রচারণা চলছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ফলাফলে দেখা যায়, ভিপি (সভাপতি) পদে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ এবং শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট।
রাতেই আবিদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন ঘোষণা দিয়ে ফলাফল বর্জন করেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদেও জয় পেয়েছে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ, যিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে বিজয়ী হয়েছেন শিবির নেতা মুহা. মহিউদ্দীন খান, যিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। ছাত্রদলের মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
এছাড়াও সম্পাদকীয় ৯টি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে ছাত্রশিবিরের প্রার্থীরা, যা নিয়ে উঠেছে ভোট জালিয়াতির অভিযোগ। ফলাফল ঘোষণার আগেই এমনকি নির্বাচন চলাকালীন সময় থেকেই ছাত্রদল, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও আরও কয়েকজন প্রার্থী এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়ে আসছিলেন।
এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। ছাত্র ও ছাত্রী হলভিত্তিক এই নির্বাচনে অংশ নিয়েছিল ১৮টি হল।
বিরোধী পক্ষের অভিযোগ, নির্বাচনের পুরো প্রক্রিয়াটি ছিল প্রহসনের মতো এবং প্রশাসনের ছত্রচ্ছায়ায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিজয়ী করার পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
