মতামত || আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট

মতামত || আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট
শেয়ার করুন
এজাজ মামুন

বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ এক অবিচ্ছেদ্য নাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির স্বশাসন, ভাষা-সংগ্রাম, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করা। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট আন্দোলন, “ছয়দফা” দাবিসহ অন্যান্য আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালি জাতির রাজনৈতিক প্রত্যাশাকে সংগঠিত করে স্বাধীনতার পথে প্রস্তুতি নিয়েছিল।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ও প্রধান ভূমিকা ছিল। কিন্তু দেশের স্বাধীনতার চার বছর পর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্বপরিবারে হত্যা করে বাংলাদেশের নিয়ন্ত্রণ দখল করে। ১৯৭৫ সালের আগস্টের পর রাজনৈতিক দ্বন্দ্ব, সামরিক শাসন, বিরোধীদলীয় আন্দোলন, রাজনৈতিক দমন-নিপীড়ন—এই সবকিছুই দল ও জাতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ আবার আলোতে অবগাহন করে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের আধুনিকায়নের প্রত্যয় নিয়ে নীতিগতভাবে কার্যক্রম চালিয়ে যায়। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে অবকাঠামো গঠন, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও অন্যান্য খাতে বড় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ব্যাপক অর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হয়েছে।

কিন্তু হঠাৎ দেশি-বিদেশি ষড়যন্ত্রের ঝড় এল। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আবারো দেশকে বিভ্রান্ত ও অস্থিতিশীল করে তোলে। হত্যা, সন্ত্রাস, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, বিচারহীনতা এবং গণতান্ত্রিক অধিকাররোধের মাধ্যমে বর্তমান অবৈধ সরকার দেশকে কার্যকর রাষ্ট্রে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে। এই সরকারের দমননীতির মাধ্যমে সাধারণ জনগণের প্রতিবাদকে অন্যায়ভাবে দমিয়ে রাখা হয়েছে।

গত আগস্টের পর থেকে আওয়ামী লীগ ভয়াবহ রাজনৈতিক দমন-নিপীড়নের শিকার হয়েছে। তবুও দলের তৃণমূলের নেতা-কর্মীরা সর্বত্র ছড়িয়ে আছে এবং সংগ্রামের জন্য উদগ্রীব। একদিকে তারা বর্তমান সরকারের প্রতিহিংসামূলক কার্যক্রমের মুখে দাঁড়িয়েছে, অন্যদিকে নেতৃত্বের দুর্বলতার কারণে বিপদের সম্মুখীন হয়েছে। মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা মামলা, গ্রেপ্তার ও আর্থিক সংকটের মধ্যে মানসিক চাপের সম্মুখীন, কিন্তু পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী সংগঠন নেই। দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত অদৃশ্য বা নিষ্ক্রিয়।

দৃশ্যত আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস বর্তমান নেতৃত্ব বহন করতে পারছে না। বর্তমান নেতৃত্বের অনেকেই কেবল আনুগত্যের ভিত্তিতে ক্ষমতা পেয়েছেন; রাজনৈতিক দূরদর্শিতা, সংগঠন পরিচালনা এবং জনগণের কাছে দায়বদ্ধতা তাদের মূল বৈশিষ্ট্য হয়নি। ফলে নেতৃত্বের আসনে “আনুগত্য” প্রাধান্য পেয়েছে, “আদর্শ” নয়। গত কয়েক বছরে নেতাদের মধ্যে “অভিভাবকত্বের” সংস্কৃতি তৈরি হয়েছিল, যা তৃণমূল ভেদ করতে পারেনি। অথচ আজ, এই মহাসংকটের মুখে তৃণমূল নেতা-কর্মীরা সরকারের জুলুমবাজি বিরোধী প্রতিবাদে সোচ্চার। তারা আন্দোলনের জন্য প্রস্তুত, কিন্তু দিকনির্দেশনার অভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এটি আওয়ামী লীগের জন্য একটি বিপজ্জনক বাস্তবতা।

আন্তর্জাতিক পর্যায়েও আওয়ামী লীগ ক্রমবর্ধমান চাপে রয়েছে। মানবাধিকার সংস্থা, কূটনৈতিক মহল এবং মিডিয়ায় বাংলাদেশের গণতন্ত্র সংকটের কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের কার্যকর যোগাযোগ, উপস্থিতি ও আলোচনায় সংশয় দেখা দিয়েছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কিছু পদক্ষেপ অপরিহার্য। যেমন:

  • মাঠের কর্মীদের ন্যূনতম নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান;
  • কেন্দ্রীয় নেতৃত্ব বিকেন্দ্রীকরণের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করা;
  • নতুন প্রজন্মের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি;
  • আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি করে দলের বৈশ্বিক গ্রহণযোগ্যতা পুনর্গঠন;
  • ক্ষমতার পুনরায় দখল নয়, বরং অর্থনীতি, শিক্ষা, মানবাধিকার ও প্রযুক্তির মাধ্যমে একটি বিকল্প ভবিষ্যতের রূপরেখা তৈরি করা।

আজ আওয়ামী লীগের সামনে একটি ঐতিহাসিক প্রশ্ন রয়েছে—আওয়ামী লীগ কি আবার তাদের গৌরবময় অতীতের মতো জনগণের দল হতে পারবে, নাকি কেবল ক্ষমতার সাথে আঁকড়ে থাকা একটি দল হিসেবে রয়ে যাবে? দলের ভেতরের সিদ্ধান্তই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

লেখক পরিচিতি: কলামিস্ট

Visited 6 times, 1 visit(s) today