নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস আবারও সতর্ক করেছে—বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রজ্ঞাপন দেশের ব্যাংক খাতের জন্য সরাসরি ক্রেডিট নেগেটিভ। খেলাপি ঋণ নবায়নে মাত্র ২ শতাংশ জমা দিয়ে ১০ বছরের সময়সীমায় নতুনভাবে নিয়মিত করার যে সুযোগ দেওয়া হয়েছে, তা সাময়িকভাবে ঋণগ্রহীতাদের স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের ভিত্তি নড়বড়ে করবে।
ইউনূস সরকারের আমলে এই নীতিকে বিশেষজ্ঞরা বলছেন ‘দেউলিয়া অর্থনীতিকে আরও দেউলিয়া করার কৌশল’। ব্যাংকগুলো যেভাবে খেলাপি ঋণের পাহাড়ে চাপা পড়েছে, সেখানে ন্যূনতম শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিবর্তে বাংলাদেশ ব্যাংক এক প্রকার দায়মুক্তির সুযোগ করে দিয়েছে দুর্নীতিবাজ ব্যবসায়ী গোষ্ঠীর জন্য।
মুডিসের উদ্বেগ
মুডিসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের গ্রেস পিরিয়ড আসলে ঋণগ্রহীতার প্রকৃত পরিশোধ সক্ষমতা যাচাইয়ের সুযোগই নষ্ট করবে। কাগজে-কলমে খেলাপি ঋণের হার কম মনে হলেও বাস্তবে ঝুঁকি বহাল থাকবে। এর ফলে সম্পদমানের প্রকৃত চিত্র আড়াল হবে।
তাছাড়া, পুনঃতফসিল করা ঋণের বিরুদ্ধে চলমান মামলা প্রত্যাহারের বাধ্যবাধকতা ঋণ পুনরুদ্ধারের কার্যক্রমে গুরুতর বাধা তৈরি করবে।
মুডিস আরও বলেছে, ২০২২ সালেই শিথিল নীতির কারণে ব্যাংক খাতে ব্যাপক হারে ঋণ পুনঃতফসিল হয়েছে, কিন্তু ঋণ আদায়ের কোনো অগ্রগতি হয়নি। এখন একই ভুল পুনরাবৃত্তি হচ্ছে। এর মানে, সরকার প্রকৃত খেলাপিদের পুরস্কৃত করছে, আর সৎ ঋণগ্রহীতারা হচ্ছেন শাস্তিপ্রাপ্ত।
ভয়াবহ পরিসংখ্যান
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্যাংক খাতে অনাদায়ি ঋণের হার ছিল মোট বিতরণকৃত ঋণের ১১ দশমিক ১ শতাংশ। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে, ২০২৫ সালের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪.১ শতাংশে। দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ। একই সময়ে ব্যাংকের মূলধন-ঝুঁকি অনুপাত নেমে এসেছে ৩.১ শতাংশে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার বহু নিচে। অনাদায়ি ঋণের বিপরীতে সংরক্ষণও কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ শতাংশে।
অন্যদিকে, জুন মাসের শেষে দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা—যা মোট বিতরণকৃত ঋণের ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ কোটি টাকারও বেশি। এটাই প্রমাণ করে, সরকারের নীতি আসলে খেলাপিদের জন্য ‘মুক্তির সনদ’।
ইউনূস সরকারের নীতির সমালোচনা
অর্থনীতিবিদদের মতে, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ নেয়নি। বরং ক্রমাগতভাবে নীতিকে শিথিল করে খেলাপিদের সুবিধা দেওয়া হচ্ছে। দেশের ব্যাংক খাত এখন আসল অর্থে ‘দুর্বলদের আশ্রয়কেন্দ্র’—যেখানে রাজনৈতিক প্রভাবশালী ব্যবসায়ীরা খেলাপি ঋণ নিয়ে পার পেয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় যদিও ব্যাংক খাতে রাজনৈতিক নিয়ন্ত্রণ ও খেলাপির প্রবণতা ছিল, তবুও তারা নিয়মিত ঋণ পুনরুদ্ধার অভিযান চালিয়েছে এবং ব্যাংকের মূলধন শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছিল। অথচ ইউনূস সরকারের আমলে মূলধন ঘাটতি রেকর্ড পর্যায়ে নেমে গেছে।
ভবিষ্যতের ভয়াবহ সংকেত
মুডিসের ভাষ্য অনুযায়ী, পুনঃতফসিল নীতি যদি কঠোরভাবে তদারকি না হয়, তবে দুর্বল ঋণগুলোকে কাগজে-কলমে সচল দেখানো হবে, বাস্তবে খেলাপি ঋণ থেকে যাবে। এর ফলে ব্যাংক খাতের ওপর আস্থা আরও কমবে, বিদেশি বিনিয়োগকারীরাও দূরে সরে যাবে।
বাংলাদেশের ব্যাংক খাত আজ যে দুরাবস্থায় পড়েছে, তার মূল দায় বহন করছে বর্তমান সরকার। দেশের মানুষ এখন প্রশ্ন তুলছে—ইউনূস সরকারের ব্যাংক নীতি কি খেলাপিদের রক্ষা করার জন্য, নাকি সাধারণ মানুষের সঞ্চয় ধ্বংস করার জন্য?
