ঢাকায় আওয়ামী লীগ নেতা অজয় কর খোকন ও কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

ঢাকায় আওয়ামী লীগ নেতা অজয় কর খোকন ও কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অজয় কর খোকন এবং নড়াইল-১ আসন থেকে সাংসদরুপে একাধিকবার নির্বাচিত কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে।

বুধবার ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে আটক করে ডিবি। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, “সম্প্রতি আওয়ামী লীগের কর্মসূচি সংগঠিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”

তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময়কার ঘটনাসহ অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অজয় কর খোকন ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি, তবে তা পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করলে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে।

অন্যদিকে, একই দিনে রাজধানীর নিকেতনের একটি গাড়ির শোরুম থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান থানার ওসি হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে ধরা হয়েছে, তা স্পষ্ট করেননি।

মুক্তির বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় একাধিক মামলা রয়েছে, যার বেশিরভাগই বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনার সঙ্গে সম্পৃক্ত। তিনি ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, পরে আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় সংসদে আসন লাভ করেন।

Visited 7 times, 1 visit(s) today