জেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে একটি মুদি দোকানে ঢুকে নারায়ণ পাল (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাত্র ১৫০ গজ অদূরে পৌরশহরের উত্তর দৌলতপুর থানার মোড়ে সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। খুনিরা তাকে জবাই করে দোকানেই লাশ ফেলে রেখে যায়।
নিহত নারায়ণ পাল রাউতপাড়া এলাকার বাসিন্দা নৃপেন্দ্র পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে একটি মুদি দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এক ক্রেতা পণ্য কিনতে দোকানে গিয়ে ভেতরে নারায়ণ পালের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দোকানটির আশপাশে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। হত্যার কারণ উদঘাটনে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
