ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন।

গত ৯ই অক্টোবর, বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে আজ ১৩ই অক্টোবর, সোমবার।

বাতিল হওয়া পত্রিকাগুলোর মধ্যে রয়েছে— মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান এবং নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা।

দৈনিক দেশের খবর সম্পাদক এফএমএ ছালাম বলেন, “বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। এ বিষয়ে আমরা হাইকোর্টে যাব।”

একইভাবে দৈনিক জাহান–এর নির্বাহী সম্পাদক হাসিম উদ্দিন এবং দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা সম্পাদক আ ন ম ফারুক জানান, তারাও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা বলেন, “ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।”

এর আগে চলতি বছরের ৮ই এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন। ওই পত্রিকাগুলোর দুটি পাতায় একই প্রতিবেদন হুবহু প্রকাশিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

শোকজ পাওয়া ১৩টি পত্রিকার মধ্যে দৈনিক সবুজ (সম্পাদক মো. আফসর উদ্দিন) ও দৈনিক নিউ টাইমস (সম্পাদক এমএ মতিন) ছাড়া বাকি ১১টির ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

Visited 7 times, 1 visit(s) today