নিজস্ব প্রতিবেদক
বাড়িভাড়া বৃদ্ধি আন্দোলনে যোগ দিতে বরিশাল থেকে ঢাকামুখী সহস্রাধিক শিক্ষককে বহনকারী একটি লঞ্চ চাঁদপুরে আটক করেছে পুলিশ।
আজ ১৯শে অক্টোবর, রোববার ভোরে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষকদের সমন্বয় কমিটির এক নেতা জানান, ভোর ৪টার দিকে লঞ্চটি চাঁদপুরে পৌঁছালে পুলিশ সেটি আটকে দেয় এবং সহস্রাধিক শিক্ষককে আটক করা হয়। বর্তমানে বাকিরা চাঁদপুরে আটকা পড়েছেন। ঢাকামুখী অন্য লঞ্চেও তাদের উঠতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, “আমরা ঢাকায় গিয়ে আন্দোলনে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু চাঁদপুরে পৌঁছালে লঞ্চ থামিয়ে পুলিশ সবাইকে নামিয়ে দেয়। ঢাকাগামী কোনো লঞ্চে আমাদের উঠতেও দেওয়া হচ্ছে না।”
তিনি আরও জানালেন, ঝালকাঠি থেকে ঢাকাগামী ৫ শতাধিক শিক্ষককে আটকে দেওয়া হয়েছে ঝালকাঠির পুলিশ সুপারের আদেশে।
অন্যদিকে ঢাকায় শাহবাগে শিক্ষকরা আজও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়ানোর ঘোষণাকে তারা ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন।
শিক্ষক নেতারা জানান, গত শুক্রবার সরকার ঘোষণা দিয়েছে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা হিসেবে নির্ধারণ করা হবে।
তবে তারা দাবি করছেন, এই বৃদ্ধি ‘অপর্যাপ্ত’ এবং তাদের মূল দাবি বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা।
অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এ নিয়ে এক প্রতিক্রিয়ায় এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, ৫ শতাংশ বাড়িভাড়া ভাতার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সব কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, আজ জাতীয় শহিদ মিনারে ৮ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা।
