নাসীরুদ্দীন পাটওয়ারী এখন হিরো আলমের স্থান নিয়েছেন: ছাত্রদল নেতা আওয়াল

নাসীরুদ্দীন পাটওয়ারী এখন হিরো আলমের স্থান নিয়েছেন: ছাত্রদল নেতা আওয়াল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির সাম্প্রতিক বিএনপি-বিরোধী তীর্যক মন্তব্যের প্রেক্ষিতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি পাটোয়ারিকে ‘হিরো আলম ও মমতাজের অনুপস্থিতি পূরণের চেষ্টাকারী’ বলে বর্ণনা করে বলেছেন, এমন আবোল-তাবোল বক্তব্য থেকে অবিলম্বে বিরত থাকা উচিত।

শনিবার (১ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় ডা. আওয়াল এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির মূল আলোচনার বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম।

“এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হয়, তিনি যেন হিরো আলম ও মমতাজের অনুপস্থিতি পূরণ করার চেষ্টা করছেন,” ডা. আওয়াল বলেন। তিনি আরও যোগ করেন, “পাটোয়ারী আবোল তাবোল বকছেন। সবকিছুকে হাস্যকর বানিয়ে ফেলছেন। তার থামা উচিত।”

সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে একের পর এক তীব্র মন্তব্য করে এসেছেন। গত ৩০ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি বিএনপির ‘জুলাই চার্টার’-এর প্রতি অসহযোগিতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেন এবং বলেন, “বিএনপির কোনো অপশন নেই ‘না’ বলার। তারা বিবাহের চুক্তিতে সই করে ফেলেছে, এখন আর ‘না’ বলার সুযোগ নেই।” এছাড়া, তিনি বিএনপির ‘ডিসেন্ট নোট’-কে ‘প্রতারণার নোট’ বলে আখ্যায়িত করেছেন এবং অভিযোগ করেছেন যে বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।

এমন মন্তব্যগুলো রাজনৈতিক মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। মিরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল। মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব নাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত প্রমুখ।

এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদল বিএনপির রাজনৈতিক আদর্শের প্রচার চালিয়ে যাওয়ার পাশাপাশি এনসিপির মতো নতুন দলের তীর্যক মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

Visited 9 times, 1 visit(s) today