তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ফিরলেও নির্বাচন হবে ইউনূস সরকারের অধীনে!

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ফিরলেও নির্বাচন হবে ইউনূস সরকারের অধীনে!
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়কে অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। তবে এই পুনর্বহাল ব্যবস্থা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যকর হচ্ছে না।

আদালত বলেছেন, আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই, যার নেতৃত্বে আছেন ড. ইউনূস। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।

আজ ২০শে নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছে দেশের সর্বোচ্চ আদালত।

বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

রায় ঘোষণার সময় আদালতকক্ষে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের ভিড়ে এজলাস কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

রায়ের ফলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও আসন্ন জাতীয় নির্বাচন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

Visited 21 times, 1 visit(s) today