নিজস্ব প্রতিবেদক::
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা অস্ত্রেও মহড়া দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সশস্ত্র জামায়াত শিবির নেতাকর্মীরা বিএনপির ইউনিয়ন কার্যালয় ও একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীরা লুটের অভিযোগও করেছেন।
রবিবার রাত ১০টার দিকে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের উত্তর পাড় এলাকায় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। জামায়াত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির অফিসে এসে হামলা চালায় ও সংঘর্ষে লিপ্ত হয় বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।
সোমবার (২৪ নভেম্বর) রাতে চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ জানান, দুই পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াতের একজনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচন ইস্যু ও মুক্তিযুদ্ধবিরোধী কথা বার্তা নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। জামায়াত শিবির বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে। জামায়াত বিএনপির সশস্ত্র নেতাকর্মীরা এসময় বিএনপি ও ছাত্রদলের তিন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমসহ আটজনকে বেধড়ক মারধর করে। একই সময়ে বিএনপি শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বিজয়করা গ্রামে বিএনপি কর্মী রাজুর বাড়িতেও হামলা ও ভাঙচুর চালায় জামায়াতের সশস্ত্র নেতাকর্মীরা। তারা এসময় বাড়িতে লুটপাট করে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে কার্যালয়ে অবস্থানরত তাদের কর্মীদের ওপর জামায়াত-শিবিরের ৩০-৪০ জন অতর্কিত হামলা চালায়। বাধা দিতে গেলে কয়েকজনকে কুপিয়ে জখম করা হয় এবং পরে একটি বাড়িতেও হামলা করা হয়। জামায়াত সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলে জানান তিনি। তিনি বলেন, জামায়াতের কাছে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ।
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন দাবি করেন, স্থানীয় একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরাই তাদের কর্মী ইসমাইলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তার দাবি, জামায়াত নয় ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপির উপর হামলা করেছে। জামায়াত জড়িত নয়।
ওসি হিলাল উদ্দীন আহমেদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
