নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য কাতারের রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে।
আজ শনিবার খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ড যখনই ‘ফিট টু ফ্লাই’ সনদ দেবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে।
এখনও পর্যন্ত চিকিৎসকদের অনুমতি মেলেনি বলে জানা গেছে।
এনামুল হক আরও বলেন, “কাতার কর্তৃপক্ষ সবকিছু প্রস্তুত রেখেছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পাওয়ামাত্র এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় চলে আসবে এবং খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।”
জার্মানি থেকে বিমান আনার বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, “কাতার সরকার জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। বিষয়টি রাজকীয় তত্ত্বাবধানে হচ্ছে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই।”
বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ রয়েছে বলে জানিয়েছেন এনামুল হক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাঁকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
মেডিকেল বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া এখনো বিমানে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা অর্জন করতে পারেননি। তাই লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে। গত দুই দিনে একাধিক পরীক্ষা করা হয়েছে। শুক্রবার বোর্ডের দুটি বৈঠক হয়েছে এবং প্রতিদিনই নতুন রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়াকে শেষবারের মতো জনসন্মুখে দেখা যায়। ওই অনুষ্ঠানের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়।
