নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের পূবাইলে একটি ফ্ল্যাট থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৬ই ডিসেম্বর, শনিবার সকালে মাঝুখান পশ্চিমপাড়ার ‘ফাগুনী’ ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
শিক্ষিকা শাহানা বেগম (৫৭) কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ছিলেন। তিনি রামপুরার বনশ্রী এলাকার আবদুল কাদের খানের স্ত্রী। চাকরির কারণে তিনি মাঝুখান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের ছেলে তাওসিফ আহমেদ খান জানান, তার মা প্রায় চার বছর ধরে সাইফুল ইসলামের ওই বাসায় একাই থাকতেন। তিনি হৃদরোগে ভুগছিলেন এবং হার্টে রিং পরানো ছিল। বদলিজনিত কারণে তিনি একাই পরিবার ছেড়ে দূরে থাকতেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, গত ৩-৪ দিন ধরে শিক্ষিকাকে দেখতে না পেয়ে এবং কোনো শব্দ না শুনে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বাড়ির মালিক ও পুলিশকে খবর দেন। পরে শনিবার সকাল ১০টার দিকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়াও অন্য কারণ আছে কি না পুলিশ খতিয়ে দেখছে।
