স্থানীয় সংবাদদাতা
নরসিংদীতে এইচ. এম. মোস্তফা জোয়ারদার (৫২) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
গতরাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর রুকন এবং ওয়ার্ডের দায়িত্বশীল পদে ছিলেন।
এছাড়া তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে মাদ্রাসার তহবিল তছরুপসহ নানা অভিযোগ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাগরিবের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ড মসজিদে যাওয়ার পথে ঢাকা–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন তিনি। এসময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
