নিজস্ব প্রতিবেদক
আয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে আগামী ২০শে ডিসেম্বর থেকে পূর্বাঞ্চলের সব যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ছে, যা সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।
রেলওয়ে সূত্র জানায়, ১০০ মিটার বা তার বেশি লম্বা সেতু ও কালভার্টকে অতিরিক্ত দূরত্ব হিসেবে গণনা করার সিদ্ধান্ত আগেই অনুমোদন দেওয়া হয়। ২৫শে নভেম্বর রেলের উপপরিচালক (মার্কেটিং) শাহ আলম নতুন ভাড়া কার্যকরের নির্দেশনা পাঠানোর পর ৮ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ ভাড়া কার্যকরের অনুমোদন দেয় পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ।
আগে প্রতি কিলোমিটার সেতুকে ১৭ কিলোমিটার ধরা হলেও এখন তা ২৫ কিলোমিটার হিসেবে গণনা করা হবে। এতে বিভিন্ন রুটে কাগজে-কলমে দূরত্ব বেড়ে যাওয়ায় ভাড়াও বাড়ছে। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন পূর্বাঞ্চলের যাত্রীরা। সেবার মান উন্নত না করে ভাড়া বাড়ানোর ঘটনায় চরম ক্ষুব্ধ তারা।
ঢাকা চট্টগ্রাম রুটে বর্তমান দূরত্ব ৩৪৬ কিলোমিটার থেকে বেড়ে ৩৮১ কিলোমিটার ধরা হবে। এতে মেইল ট্রেনে ভাড়া বাড়বে ১৫ টাকা, কমিউটারে ২০ টাকা, শোভন চেয়ারে ৪৫ টাকা, প্রথম সিটে ৬৪ টাকা, স্নিগ্ধায় ৮০ টাকা, প্রথম বার্থ/এসি সিটে ৯৮ টাকা, এসি বার্থে বাড়তি ১৪৩ টাকা, বিরতিহীন ট্রেনে সর্বোচ্চ বাড়তি ভাড়া ১৫৯ টাকা।
ঢাকা-কক্সবাজার রুটে দূরত্ব ৫৩৫ থেকে বেড়ে ধরা হবে ৫৮৬ কিমি। এতে বিভিন্ন শ্রেণিতে ২০ থেকে ২০৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া যোগ হবে। বিরতিহীন ট্রেনে সর্বোচ্চ বৃদ্ধি ২২৬ টাকা। ঢাকা-সিলেট রুটে দূরত্ব ৩১৯ থেকে বেড়ে ৩৫০ কিমি। এখানে শোভন চেয়ারে ৩৫ টাকা থেকে এসি বার্থে ১২৭ টাকা পর্যন্ত বাড়বে। চট্টগ্রাম সিলেট রুটে দূরত্ব ৩৯১ থেকে বেড়ে ৪০৩ কিমি। ভাড়া বাড়বে ১০ থেকে ৮৭ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে। চট্টগ্রাম-জামালপুর রুটে ৪৪৭ থেকে বেড়ে ৪৬৪ কিমি দূরত্ব। এতে ১০ থেকে ৬৯ টাকার মধ্যে ভাড়া বৃদ্ধি করা হবে।
ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের দূরত্ব ২১২ থেকে বেড়ে ২১৬ কিমি। ছোট দূরত্ব হওয়ায় বাড়তি ভাড়া ০ থেকে ১৭ টাকা। এভাবে পূর্বাঞ্চলের সকল রুটে ভাড়া বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী ২০শে ডিসেম্বর থেকে বাস্তবায়িত হবে।
সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সাম্প্রতিক মেগা প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি হওয়ায় নতুন করে পন্টেজ চার্জ আরোপ করা হয়েছে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানান।
পশ্চিমাঞ্চলে আগে থেকেই এই চার্জ কার্যকর হলেও পূর্বাঞ্চলে এখন প্রথমবার যুক্ত করা হলো।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, পূর্বাঞ্চলের মাত্র ১১টি সেতুর জন্য পন্টেজ চার্জ যুক্ত হচ্ছে। সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ কম রাখার চেষ্টা করা হয়েছে। ২০শে ডিসেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে আগাম টিকিট কেনা যাত্রীদেরও ১০ই ডিসেম্বর থেকেই বাড়তি ভাড়া পরিশোধ করতে হচ্ছে।
