অস্ট্রেলিয়া প্রতিনিধি
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশি কমিউনিটি যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে। ক্যাপিটাল অঞ্চলের নারা পিস পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিতে আলোচনা সভা ও সঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
আলোচনা পর্বে বীর মুক্তিযোদ্ধা ও উদীচীর প্রতিষ্ঠাকালীন প্রথম আহবায়ক কামরুল হাসান খান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সুধীজনেরা দেশের চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি তাঁদের অবিচল সমর্থন এবং প্রত্যয় ব্যক্ত করেন ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
তাঁরা বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
