নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম- প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা স্বীকার করে জানিয়েছেন- লজ্জায় তার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে।
আজ ১৯শে ডিসেম্বর, শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি লেখেন: গতকাল রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোনকল পেয়েছি। আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমি গভীরভাবে দুঃখিত যে আমি আপনাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি। সাহায্য সংগঠিত করার জন্য যথাযথ ব্যক্তিদের কাছে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু সেই সহায়তা সময়মতো পৌঁছায়নি।
একজন সাবেক সাংবাদিক হিসেবে সহকর্মীদের বিপদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়ে তিনি লেখেন: আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি শুধু এটুকুই বলতে পারি আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লজ্জায় আমি মাটির নিচে ঢুকে যেতে পারতাম, তবে এমনটাই করতাম। আমার এখন এমনই অনুভূতি হচ্ছে।
প্রেস সচিব লেখেন: ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিক উদ্ধার হওয়া এবং তারা নিরাপদে আছেন এমন খবর পাওয়ার পর ভোর ৫টার দিকে আমি ঘুমাতে যাই। কিন্তু ততক্ষণে এই দুইটি সংবাদমাধ্যম দেশের ইতিহাসে সংবাদপত্রের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়।
উল্লেখ্য, গত রাতে ওসমান হাদীর অনুসারী জুলাইযোদ্ধ উগ্রবাদী জঙ্গিরা সংবাদমাধ্যম দুটির কার্যালয়ে চড়াও হয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। সে ঘটনার পর থেকে সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হচ্ছে।
