নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল (১৯ ডিসেম্বর) জারি করা এক বিবৃতি দেশের চলমান সহিংসতা ও বিশৃঙ্খলাকে “কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর” কাজ হিসেবে চিহ্নিত করে নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে সহিংসতা, অগ্নিসংযোগ, সাংবাদিকদের ওপর হামলা এবং ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তির নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে, পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শান্তি ও সংযমের আহ্বান জানানো হয়েছে।
কিন্তু এই বিবৃতি প্রকাশের সময়টি নিয়ে প্রশ্ন উঠেছে—কেন সাড়ে ১৫ মাস ধরে চলা বিশৃঙ্খলা ও “মবোক্রেসি”কে এত দেরিতে স্বীকার করা হলো? তাহলে কি এতোদিন সরকারের আয়ত্ত্বে ছিলো বলে “প্রেশারগ্রুপ” হিসাবে সমর্থন জানানো হয়েছিল? এখন আয়ত্ত্বের বাইরে চলে যাওয়াতে নিন্দা জানালেন? নাকি ১৫ মাসে হাজার হাজার আওয়ামী নেতাকর্মি, ব্যাবসায়ী, সাধারন জনমানুষের উপর মব বিশৃঙ্খলা আর সহিংসতার শিকার হওয়াতে গা করেননি, যখনই নিজেদের উপর এসেছে, তখনই নড়েচড়ে বসলেন ইউনুস সরকার?
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায়। এই সময়কালে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সাংবাদিকদের নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা এবং উগ্রবাদী গোষ্ঠীর উত্থান অব্যাহত ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে, দেশে “মবোক্রেসি” বা উন্মত্ত জনতার শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।
কিন্তু অন্তর্বর্তী সরকার এতদিন এসবকে উপেক্ষা করে “গণতান্ত্রিক রূপান্তরের” গল্প শুনিয়ে এসেছে, বলা হয়েছিল এগুলো এতোদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ!
এখন শরিফ ওসমান হাদির মৃত্যুর পর সহিংসতা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে—প্রথম আলো, ডেইলি স্টারের মতো গণমাধ্যমের অফিসে আগুন, সাংবাদিকদের ওপর হামলা, ছায়ানট ও উদীচী’র মতো রাজনীতির বাইরের সাংস্কৃতিক চর্চাকেন্দ্রগুলো ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলো —তখনই হঠাৎ “সংকটময় পরিস্থিতি”র স্বীকারোক্তি!
বিবৃতিতে সহিংসতাকে “বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী”র কাজ বলে চিহ্নিত করা হয়েছে, যা অনেকের কাছে দায় এড়ানোর প্রচেষ্টা মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতা বিচ্ছিন্ন নয়; বরং অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিনের নীরব সমর্থন, দুর্বলতা ও তারুন্যের নামে “দায়মুক্তি”র ফল। গত ১৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা, উগ্রবাদীদের প্রশ্রয় এবং রাজনৈতিক প্রতিহিংসাকে উসকে দেওয়ার অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে।
ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে মব করে হত্যা করে মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় নিন্দা জানানো হয়েছে ঠিকই, কিন্তু গত বছরগুলোতে সংখ্যালঘুদের ওপর শত শত হামলার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতনকেই স্বাভাবিক প্রতিক্রিয়া বলেছিলেন,
“সংখ্যালঘুরা তাদের ধর্মিয় পরিচয়ের কারনে আক্রমণের শিকার হচ্ছেন না, আওয়ামীলীগের দোসর হিসাবে হামলার স্বিকার হচ্ছে”,
এখন “নতুন বাংলাদেশে এমন সহিংসতার স্থান নেই” বলে দাবি করা কি শুধু কথার কথা? সাংবাদিকদের প্রতি “পাশে আছি” বলে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু প্রথম আলো ও ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়ার পরও দোষীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ দেখা যাচ্ছে না। অথচ গত ১৫ মাসে মব করে সকল মিডিয়া হাউজ আর সংবাদপত্রের অফিস দখল নেয়ার সময়, ইউনুস প্রসাশন চুপ ছিলেন, জুলাই যোদ্ধাদের একে কে দখল করতে দিয়েছেন সংবাদপত্র ও মিদিয়া হাউজ, গণহারে সাংবাদিকদের ছাটাই করতে দিয়েছেন জুলাই যোদ্ধাদের দ্বারা।
বিবৃতিতে হাদির আত্মত্যাগকে গণতান্ত্রিক রূপান্তরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মৃত্যুর পর যে অরাজকতা ছড়িয়েছে, তা কি সত্যিই “অল্প কয়েকজনের” কাজ? নাকি এটি সরকারের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার পরিণাম?
অনেকে মনে করছেন, এই বিবৃতি দেরিতে আসা এক স্বীকারোক্তি—যে দেশ সংকটময় সময় পার করছে। কিন্তু শুধু নিন্দা ও আহ্বানে সমস্যা সমাধান হবে না। আসন্ন নির্বাচনের আগে আইনের শাসন ফিরিয়ে আনা, দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং উগ্রবাদ দমনে কার্যকর পদক্ষেপ না নিলে এই “ঐতিহাসিক গণতান্ত্রিক রূপান্তর” শুধু স্বপ্নই থেকে যাবে।
জনগণ প্রশ্ন: সাড়ে ১৫ মাস পর এই বোধোদয় কি আসলেই আন্তরিক? নাকি আর সব সংস্কারের আশাবাদের মতো “কথার কথা”, পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা?
