রোনালদোর রেকর্ড স্পর্শ করে গর্বিত এমবাপে

রোনালদোর রেকর্ড স্পর্শ করে গর্বিত এমবাপে
শেয়ার করুন

শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়ে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। ম্যাচের অন্য গোলটি করেছেন জুড বেলিংহাম।

ফরাসি সুপারস্টার এমবাপ্পে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ২০১৩ সালে রোনালদোর গড়া ৫৯ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন। এর আগে প্রথমার্ধে বেলিংহামের দুর্দান্ত হেডে এগিয়ে গিয়েছিল মাদ্রিদ।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ‘লস ব্লাঙ্কোস’রা শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনল। রোববার ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালানরা।

শনিবার ছিল এমবাপের ২৭তম জন্মদিন। রেকর্ড স্পর্শ করার পর তিনি বলেন, “ক্রিশ্চিয়ানোর মতো কিছু করা আমার জন্য সম্মানের। তিনি আমার আদর্শ, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্বের অন্যতম সেরা।”

৬৭ মিনিটে বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সেভিয়ার ডিফেন্ডার মারকাও। ১০ জনের দলে পরিণত হওয়া সেভিয়ার ওপর চাপ বাড়ায় রিয়াল। রদ্রিগো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেখান থেকেই নিখুঁত শটে বছরের ৫৯তম গোলটি করেন এমবাপে এবং রোনালদোর ট্রেডমার্ক উদযাপনের মাধ্যমে তাকে সম্মান জানান।

এমবাপে বলেন, “আমি তাকে একটি বিশেষ বার্তা দিতে চেয়েছিলাম কারণ তিনি সবসময় আমার প্রতি সদয় ছিলেন। শৈশবে তিনি আমার আদর্শ ছিলেন, এখন তিনি আমার বন্ধু।”

Visited 14 times, 1 visit(s) today