বিসিবির পরিচালক ও সিসিডিএম কমিটির চেয়ারম্যান আদনান রহমান দিপন রীতিমতো বোমা ফাটিয়েছেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপে তিনি বলেছেন, নাজমুল হাসান পাপনের বোর্ডের ১৫ বছরের দুর্নীতির সমান মাত্র ৬ মাসেই হয়েছে বর্তমান বোর্ডে।
ক্লাব কোটায় বিতর্কিত নির্বাচনে পরিচালক হওয়া দিপন বলেন, ‘একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিলো। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।’
২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বোর্ডের দায়িত্বে আনা হয় ফারুক আহমেদকে। পরে ফারুককে ৯ মাস পর সরিয়ে বিতর্কিত নির্বাচনে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে, এই বোর্ডেও সহ-সভাপতি হিসেবে আছেন ফারুক। বুলবুল-ফারুক মিলে সদ্য পদত্যাগ করা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহায়তায় দুর্নীতির মহাৎসব করছেন বলে খবর বেরিয়েছে।
কয়েকদিন আগে বিসিবির নির্মাণাধীন পূর্বাচল স্টেডিয়ামের পিচ তৈরির জন্য কয়েক কোটি টাকার মাটি দিনে দুপুরে চুরি করে নেওয়া হয়েছে। ৩০ কোটি টাকার মাটির কোন হদিশ দিতে পারেনি বিসিবি। মাটি লাপাত্তা হচ্ছে দেশের অন্য স্টেডিয়ামেও।
এর বাইরে বিপিএলের দল নির্বাচন নিয়ে একের পর এক অনিয়মের খবর নিয়মিত। গত বছর দেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিপিএল আয়োজন করা হয়। দেশি বিদেশি খেলোয়াড়দের অনেকেই পাননি পারিশ্রমিক। এমনকি ফিক্সিং ইস্যু আসে আলোচনায়। এই বছর বিপিএল আয়োজন নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। বিতর্কিত ব্যক্তিদের দল নেওয়া, সন্দেহভাজনদের আনাগোনা নিয়ে একাধিক প্রতিবেদন দেখা গেছে বিভিন্ন গণমাধ্যমে।
এসবের মধ্যে দেশের তৃণমূলের ক্লাব ক্রিকেট প্রায় স্থবির। ঢাকার প্রথম বিভাগে ২০ ক্লাবের জায়গায় ১২ ক্লাবকে নিয়ে আয়োজন হচ্ছে দায়সারাভাবে। ঢাকা প্রিমিয়ার লিগ অনিশ্চিত। এমন অবস্থায় খোদ বিসিবির এক পরিচালকই প্রকাশ্যে বললেন তাদের বোর্ডের দুর্নীতির খবর।
