চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবোক্রেসি- আক্ষেপ বিএনপি নেতা সালাহউদ্দিনের

চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবোক্রেসি- আক্ষেপ বিএনপি নেতা সালাহউদ্দিনের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আক্ষেপ করে বলেছেন, ডেমোক্রেসি চাওয়ার কথা বলা হলেও বাস্তবে দেশে ‘মবোক্রেসি’ বা মবতন্ত্রের উত্থান ঘটেছে। সরকারের দুর্বলতার কারণেই মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের পরিস্থিতি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলেও তিনি মত দেন।

আজ ২১শে ডিসেম্বর, রোববার রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিষয়ে শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, প্রথম আলো ও দৈনিক ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের হামলা জাতির জন্য লজ্জার। পত্রিকা কার্যালয় জ্বালিয়ে দেওয়ার দৃশ্য বিশ্ব দেখেছে। শুধু দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়ে এ ঘটনা শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করে হামলা চালানো হয়েছে। এ ধরনের পরিস্থিতি কেন আগেই মোকাবিলা করা গেল না—সে প্রশ্ন তোলেন তিনি।

তার দাবি, সম্ভাব্য সহিংসতার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার কথা শোনা গেছে। কিন্তু তা আমলে নেওয়া হয়নি কেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, হামলার ঘটনায় এক থেকে দুই ঘণ্টা পরে তাদের প্রতিক্রিয়া এসেছে বলে শোনা যাচ্ছে। এমন বিলম্ব কেন হলো, তার ব্যাখ্যা দরকার।

তিনি বলেন, দেশের মানুষ পূর্ণ গণতন্ত্র চায় এবং তা সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যাশা করছে। গণতন্ত্র টেকসই করতে হলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সেগুলো গণতন্ত্রের রক্ষাকবজ হিসেবে কাজ করতে পারে।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকদের ব্যক্তিগত রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে দেশের স্বার্থের প্রশ্নে সবাইকে বাংলাদেশের পক্ষেই অবস্থান নিতে হবে।

তিনি বলেন, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে গণমাধ্যমের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, তার ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে বলে জনগণ আশা করছে। দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে এই প্রত্যাবর্তনকে গণতন্ত্র শক্তিশালী করার কাজে লাগাতে চায় বিএনপি।

সভায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Visited 15 times, 1 visit(s) today