এনসিপি’র সাথে জোটে যাচ্ছে জামায়াত, দূরে সরছে চরমোনাই-মামুনুল

এনসিপি’র সাথে জোটে যাচ্ছে জামায়াত, দূরে সরছে চরমোনাই-মামুনুল
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সম্ভাব্য ইসলামী দলগুলোর আসন সমঝোতা প্রক্রিয়ায় বড় ধরনের টানাপোড়েন দেখা দিয়েছে। একদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার পথে এগোচ্ছে, অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এই জোট থেকে সরে যাওয়ার আভাস দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে দীর্ঘদিন ধরে আসন সমঝোতার আলোচনা চালিয়ে আসছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ মোট আটটি দল। লক্ষ্য ছিল ‘ওয়ান বক্স নীতি’তে ইসলামী দলগুলোর ভোট একত্র করে নির্বাচনে অংশ নেওয়া। তবে শেষ মুহূর্তে এসে আসন বণ্টন নিয়ে জটিলতায় পড়ে এই উদ্যোগ।

সূত্র জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ শতাধিক আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত ২৫ থেকে ৩০টি আসন দাবি করছে। এসব দাবি পূরণ করতে গেলে জামায়াতের জন্য নির্ধারিত আসন উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে জামায়াত অন্তত দুই শতাধিক আসনে প্রার্থী দিতে আগ্রহী। এ অবস্থায় চাহিদামতো আসন না পেলে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস আলাদা প্ল্যাটফর্মে নির্বাচনে যাওয়ার চিন্তা করছে বলেও জানা গেছে।

এদিকে এই জটিলতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জামায়াতের সঙ্গে জোট গঠনে আগ্রহ দেখিয়েছে এবং প্রাথমিকভাবে ৫০টি আসনের প্রত্যাশা করেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে দর-কষাকষির মাধ্যমে প্রায় ৩০টি আসনে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সমঝোতা অনুযায়ী এনসিপি বাকি আসনগুলোতে প্রার্থী দেবে না এবং জামায়াতকে সমর্থন করবে।

বুধবার সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বাসভবনে বৈঠক করেন। আনুষ্ঠানিকভাবে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও সেখানে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এনসিপির নির্বাহী পরিষদের অধিকাংশ সদস্য জামায়াতের সঙ্গে জোটের পক্ষে মত দিয়েছেন বলেও জানা গেছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও আট দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং খুব শিগগিরই তা চূড়ান্ত হবে। তিনি বলেন, এনসিপিসহ আরও কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা ইউনুস আহমদ বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। কোনো জোট চূড়ান্ত হয়নি বলেই পাওয়া-না পাওয়ার প্রশ্ন আসছে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারাও জানিয়েছেন, তারা ঐক্য বজায় রাখতে আগ্রহী হলেও সম্মানজনক আসন না পেলে বিকল্প সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সব মিলিয়ে, জামায়াত-এনসিপি জোটের সম্ভাবনা যতই দৃশ্যমান হচ্ছে, ততই চরমোনাই পীর ও মামুনুল হকের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

Visited 32 times, 1 visit(s) today