জামায়াত নেতৃত্বাধীন ধর্মভিত্তিক দলগুলোর জোটে চরম দ্বন্দ্ব: বিভক্তি এনসিপিতেও

জামায়াত নেতৃত্বাধীন ধর্মভিত্তিক দলগুলোর জোটে চরম দ্বন্দ্ব: বিভক্তি এনসিপিতেও
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী সমঝোতা ও আসন বন্টন নিয়ে চরম টানাপোড়েনে পড়েছে জামায়াতে ইসলামী। ইসলামের নামে জঙ্গিবাদ, খেলাফত ও ইসলামি শাসন ব্যবস্থা চালুর রাজনীতি করা জোটের অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো চায় প্রত্যাশার চেয়ে বেশি আসন। এ নিয়ে জোটের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তবে জামায়াত ও এনসিপির মধ্যে দূরত্ব কমে আসছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, ২৯শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। গত বুধবার রাতে দুই দফা এবং বৃহস্পতিবার এক দফা বৈঠক করেছে দুই দল।

এদিকে জোটের বিষয়ে এনসিপির ভেতরেও দ্বন্দ্ব রয়েছে। বড়ো অংশ চায় জামায়াতের সঙ্গে জোট করতে। সম্প্রতি পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা ও তাদের অনুসারীরা এ জোটের বিরোধিতা করে বিএনপির সঙ্গে জোট করতে চান। অন্যদিকে জামায়াত-এনসিপি আলোচনার মধ্যেই আট দলীয় জোটে টানাপোড়েন তৈরি হয়েছে। প্রকাশ্য হচ্ছে দ্বন্দ্ব।

প্রত্যাশিত আসন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এই দুটি দলের প্রস্তাব জামায়াত ১৩৫ আসনে, এনসিপি জোট ৩০ আসনে এবং বাকি সাত দল ১৩৫ আসনে নির্বাচন করবে। তবে জামায়াত চরমোনাই ও মামনুলকে সীমিত আসন দিতে চায়।

জামায়াত সূত্রে জানা গেছে তারা এককভাবে দুই শতাধিক আসনে প্রার্থী দিতে চায়। এনসিপি ও এবি পার্টিকে ৩০টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও বাকি আসনগুলো ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা ও বিডিপির মধ্যে বন্টন করে দিতে চায় তারা।

এনসিপির সঙ্গে থাকা এবি পার্টি গণতান্ত্রিক সংস্কার জোট ৫০টি আসন দাবি করলেও এখানেও মতানৈক্য রয়েছে। এবি পার্টি এককভাবে ১৫টি আসনে নির্বাচন করতে আগ্রহী হলেও এনসিপি তাদের আরো কম আসন দিতে চায়। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আলোচনা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জামায়াত ও এনসিপি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বৈঠক হয়। পরে এনসিপির নির্বাহী পরিষদ জামায়াতের সঙ্গে আসন সমঝোতার অনুমোদন দেয়। এরপর রাতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বাসায় আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

গত মাসে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করলেও জামায়াতের সঙ্গে আলোচনা শুরু হওয়ায় রাষ্ট্র সংস্কার আন্দোলন অনানুষ্ঠানিকভাবে সরে গেছে। বর্তমানে এনসিপি ও এবি পার্টি যৌথভাবে জামায়াতের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা করছে এবং সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করছে।

জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকরা। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন তাদের অনুসারীরা। এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বিএনপির সঙ্গে জোটের দাবিতে দল থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন।

এনসিপি সূত্র জানায়, বিএনপি প্রথমে সাত-আটটি আসন ছাড়ার প্রস্তাব দিলেও পরে চারটিতে নেমে আসায় আলোচনা ভেঙে যায়। এরপরই জামায়াতের সঙ্গে সমঝোতার পথ খোঁজে এনসিপি।

অন্যদিকে ইসলামী আন্দোলন শুরুতে ১৫০টি আসন দাবি করলেও পরে তা কমিয়ে ১০০-এ এনেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের দাবি অন্তত ২২টি আসন, কিন্তু জামায়াত ১০-১২টির বেশি ছাড়তে রাজি নয়। এ নিয়ে দুই দলেই ক্ষোভ আছে।

আট দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আসন বণ্টনের আলোচনা শেষ পর্যায়ে। দু-একদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে এবং সংস্কারের পক্ষে থাকা সব দল একসঙ্গে নির্বাচন করবে। জোট ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

তবে এনসিপির একটি অংশ জামায়াতের বদলে বিএনপির সঙ্গে জোট করতে চাইছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

Visited 17 times, 1 visit(s) today