নিজস্ব প্রতিবেদক
এনসিপির ব্যানারে নির্বাচন করছেন না দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করে পদত্যাগ করেছেন তিনি। ইতিমধ্যে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে দলের পক্ষ থেকে।
এনসিপির হয়ে নির্বাচনে প্রার্থীতার নামে ইতিমধ্যে ক্রাউডফান্ডিং করে ৪৭ লাখ টাকা অনুদান তোলার পর তার এই পদত্যাগে ইতমধ্যে হতাশা প্রকাশ করেছেন অনুদান দাতারা।
তবে বিডি ডাইজেস্ট-এর অনুসন্ধানে এরইমধ্যে উঠে এসেছে গোপন সমঝোতার ইঙ্গিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ থেকে লিখছেন, যে প্রত্যাশা থেকে নতুন দল হিসেবে এনসিপি ও জারার কথা ভেবে অনুদান দিয়েছেন জুলাই বিক্ষোভের সমর্থকরা, জারার পদত্যাগ তাদের সাথে প্রতারণার শামিল হয়ে দাঁড়িয়েছে এখন। যে নেতা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারেন না, তিনি রাজনীতিতে অনুপযুক্ত, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।
তবে পদত্যাগ বিষয়ে জারা জানান, খিলগাঁওয়ের সন্তান হিসেবে তার স্বপ্ন ছিল এলাকার মানুষের সেবা করার। সাংসদ হিসেবে সেবার পরিকল্পনা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি তিনি দেশবাসীকে দিয়েছিলেন, তা রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
ঢাকা-৯ আসনের অন্তর্গত খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার দলীয় কার্যালয় বা সুসংগঠিত কর্মী বাহিনী থাকবে না। আপনাদের মেয়ে হিসেবে আমার একমাত্র ভরসা আপনারাই। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার যে অদম্য ইচ্ছা আমার রয়েছে, তার প্রতি আপনাদের সমর্থন চাই।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের জন্য ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। এই স্বাক্ষর সংগ্রহের কাজ আগামীকাল থেকে শুরু হবে জানিয়ে তিনি এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
তবে ঢাকা-৯ আসনের ভোটারদের অনেকেই বিডি ডাইজেস্ট-কে জানান, জুলাই দাঙ্গার আগে জারাকে কেউ চিনত না এলাকায়। বরং ইউটিউবে যৌন বিষয়ক বিজ্ঞাপনের কল্যাণে নির্দিষ্ট শ্রেণির লোকজন তাকে চিনত। এই পরিচিতি দিয়ে সে এলাকায় যে ভোট পাবেনা, সেটা সে বুঝতে পেরেছে। তাই পদত্যাগের নাটক করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কথা বলছে।
এই আসনের একটি বাম দলের শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডি ডাইজেস্ট-কে বলেন, এই আসনের ভোটের হিসাব-নিকাশ ইতিমধ্যে হয়ে গেছে। ভাগ-বাটোয়ারায় হয়ত জামায়াতের কোনো প্রার্থীর ভোট যেন বিভাজিত না হয়, সেজন্য জারাকে ব্যাকফুটে নেওয়া হয়েছে। এটা অত্যন্ত ঘৃণ্য ও নোংরা রাজনৈতিক কৌশল।
