লক্ষ্মীপুরে প্রতিপক্ষের আগুনে নিহত ৭ বছরের আয়েশা বার্ষিক পরীক্ষায় ২য় হয়েছে

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের আগুনে নিহত ৭ বছরের আয়েশা বার্ষিক পরীক্ষায় ২য় হয়েছে
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে মারা যাওয়া সাত বছরের শিশু আয়েশা আক্তারের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু এই ফল দেখার সুযোগ আর হয়নি তার। স্কুলের ফাইনাল পরীক্ষায় রোল নম্বর ২২ থেকে একলাফে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেধাবী আয়েশা। সর্বমোট ৫০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৪৪৩ নম্বর—প্রায় ৮৯ শতাংশ!

গত ১৯শে ডিসেম্বর গভীর রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে ঘটনাস্থলেই মারা যায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী আয়েশা। এ ঘটনায় তার বড় বোন সালমা আক্তার স্মৃতি (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আরেক বোন বিথি আক্তারসহ বাবা বেলাল গুরুতর দগ্ধ হন।

পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় এই নৃশংস হামলা চালানো হয়েছে।

আয়েশার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা জানান, সে ছিল অত্যন্ত মেধাবী ও ফুটফুটে একটি মেয়ে। এবার তৃতীয় শ্রেণিতে উঠার কথা ছিল তার। বার্ষিক পরীক্ষায় দুর্দান্ত ফল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আয়েশা।

কিন্তু রাজনীতির নির্মম বলিতে পরিণত হয়ে এই সাফল্যের স্বাদ নিতে পারল না সে। প্রতিপক্ষের নৃশংস চক্রান্তে জীবন হারালো এই মেধাবী শিশু।

পরিবার ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা হয়েছে, তদন্ত চলছে। দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতায় নিরীহ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। প্রশ্ন উঠছে—কবে থামবে এই অমানবিক প্রতিহিংসার চক্র?

Visited 13 times, 1 visit(s) today