পূর্বের যেকোন সময়ের চেয়ে বেশী প্রভাবিত বিচার বিভাগঃ রাজবন্দিদের জামিন প্রায় বন্ধ, বিচারপ্রার্থীদের হতাশা

পূর্বের যেকোন সময়ের চেয়ে বেশী প্রভাবিত বিচার বিভাগঃ রাজবন্দিদের জামিন প্রায় বন্ধ, বিচারপ্রার্থীদের হতাশা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬: বাংলাদেশের বিচার বিভাগে আগের যেকোনো সময়ের চেয়ে সরকারের প্রভাব বেড়েছে বলে অভিযোগ উঠেছে। সংবিধানের অনুচ্ছেদ ৯৪(৪)-এ সুস্পষ্টভাবে বলা আছে, “The Chief Justice and the other Judges shall be independent in the exercise of their judicial functions.” অর্থাৎ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকরা তাদের বিচারিক কার্যক্রমে সম্পূর্ণ স্বাধীন। কোনো বিচারককে তাদের রায়, আদেশ বা জামিন প্রদানের সিদ্ধান্তের জন্য কৈফিয়ত দিতে হয় না। কিন্তু বাস্তবে এই স্বাধীনতা ক্রমশ ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন আইনজীবী ও বিশ্লেষকরা।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাজনৈতিক মামলায় জামিন প্রদান প্রায় বন্ধ হয়ে গেছে। সূত্রে জানা গেছে, হাইকোর্টের ৬টি ক্রিমিনাল মোশন বেঞ্চের মধ্যে মাত্র একটি বেঞ্চ রাজনৈতিক মামলা শুনানি করে। এই বেঞ্চে প্রায় চার হাজার মামলা জমা পড়েছে। সাম্প্রতিক একদিনের শুনানিতে প্রায় ১০০টি মোশন শোনা হয়, যার মধ্যে ৯০টির বেশি মামলা বিবিধ অজুহাতে ফেরত দেওয়া হয়েছে। ফলে রাজবন্দি হিসেবে পরিচিত আসামিদের জামিন পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এছাড়া সুপ্রিম কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা হ্রাস পেয়েছে। আগে অনলাইনে মামলার কার্যতালিকা দেখা যেত, কিন্তু বর্তমানে তা বন্ধ করা হয়েছে। কোর্টে ক্লার্ক, বিচারপ্রার্থী এবং সাংবাদিকদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আইনজীবীরা জানান, এসব পদক্ষেপ বিচারিক স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। একজন জ্যেষ্ঠ আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রধান বিচারপতি যদি বিচারকদের কাছ থেকে রায় বা জামিনের ব্যাখ্যা চান, তাহলে তা প্রশাসনিক নয়, বরং বিচারিক স্বাধীনতায় হস্তক্ষেপ। এতে ন্যায়বিচারের ভিত্তি নড়ে যায়।”

সাম্প্রতিক সময়ে হবিগঞ্জের আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী মেহেদি হাসান বা সাংবাদিককে ব্ল্যাকমেইলের মামলায় আটককৃত সুরভী, দুজনের ক্ষেত্রেই দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রভাবে বিচারপ্রক্রিয়া প্রভাবিত হতে এবং অভিযুক্তদের বিশেষভাবে জামিন প্রাপ্ত হয়ে বিজয়ীর ভঙ্গিতে বের হয়ে আসতে।

বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচার বিভাগে এ ধরনের প্রভাব বিস্তার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। রাজনৈতিক মামলায় জামিন না দেওয়া এবং কোর্টের কার্যক্রমে সীমাবদ্ধতা আরোপ ভুক্তভোগীদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীরা এ অবস্থায় নিরাশ হয়ে পড়েছেন। বিচার বিভাগের এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা দাবি করেছেন, সংবিধানের চেতনা অনুযায়ী বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

 

Visited 9 times, 1 visit(s) today