বিশ্বকাপ বর্জন: আসিফ নজরুলের সিদ্ধান্তে অন্ধকারের দিকে দেশের ক্রিকেট

বিশ্বকাপ বর্জন: আসিফ নজরুলের সিদ্ধান্তে অন্ধকারের দিকে দেশের ক্রিকেট
শেয়ার করুন

বাংলাদেশের ক্রিকেটের সামনে এখন চরম অন্ধকার হাতছানি দিচ্ছে। অন্তর্বর্তী সরকার দেশের অনেক প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার পর এবার ক্রিকেটকেও এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিসিবি সভাপতি ও পরিচালকদের অবস্থা এখন অনেকটা অসহায়। আইসিসি শেষ মুহূর্তে ভেন্যু বদল করবে না—এটি বুঝতে পেরেও বিশ্বকাপ বর্জনের পথেই হাঁটছে ড. মুহাম্মদ ইউনূসের সরকার।

গত রাতে ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে, না হলে পয়েন্ট কাটা যাবে। এই আল্টিমেটাম বিসিবি অস্বীকার করলেও বুধবার বিকেলে ক্রীড়া মন্ত্রণালয়ে জরুরি সভায় বসে বোর্ড।

সভা শেষে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল খুব বেশি কথা বলেননি; কেবল ভারতে না খেলার আগের অবস্থানটি আবারও উচ্চারণ করে বিদায় নেন। এরপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সামনে আসেন, যার বক্তব্যে কখনো নরম সুর আবার কখনো হুমকির সুর পাওয়া গেছে।

নিরাপত্তার অজুহাতে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসি সুনির্দিষ্ট ব্যাখ্যা চাইলে বুলবুল বলেন, “নিরাপত্তা ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আমরা আইসিসিকে চিঠি পাঠিয়েছি। বিসিবির দায়িত্ব মূলত খেলোয়াড়দের দেখাশোনা করা, কিন্তু তাদের বাইরেও সাংবাদিক, স্পন্সর এবং অগণিত ক্রিকেট অনুরাগী সেখানে যান। তাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের ভাবতে হচ্ছে।”
যেকোনো বিদেশ সফরের জন্য সরকারি আদেশের (জিও) প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি সরকারের ওপর সিদ্ধান্তের দায়ভার ছেড়ে দেন। তবে ভারতের মাটিতে না খেললে পয়েন্ট হারানোর খবরকে ‘অপপ্রচার’ বলে দাবি করেন তিনি। বুলবুল বলেন, “শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়—আইসিসি এমন কোনো কথা আমাদের বলেনি।”

বিশ্লেষকদের মতে, সব কিছু চূড়ান্ত হওয়ার মাত্র এক মাস আগে লজিস্টিক কারণে ভেন্যু বদল করা প্রায় অসম্ভব। অতীতে ১৯৯৬ ও ২০০৩ বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে খেলতে না যাওয়ায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট কাটা গিয়েছিল। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া না আসায় তাদের বদলে খেলেছিল আয়ারল্যান্ড। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই শঙ্কা এখন প্রবল।

সম্প্রতি আইপিএলের দল কেকেআর মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেওয়ার পর বিসিবি কোনো আনুষ্ঠানিক কারণ জানতে চায়নি। বরং সরাসরি বিশ্বকাপে ভারত সফর নিয়ে কঠোর অবস্থান নিয়ে দল ও দেশের ক্রিকেটকে বিপদে ফেলেছেন আসিফ নজরুল।

বিশ্বকাপ বর্জন করলে বিসিবি আইসিসির বিপুল অংকের রাজস্ব হারাবে। এর জেরে ভারতের বাংলাদেশ সফর বাতিল হতে পারে এবং আগামী বছর বাংলাদেশে হতে যাওয়া এশিয়া কাপও অনিশ্চিত হয়ে পড়বে। এমনকি ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগটিও হাতছাড়া হতে পারে।

মূলত ভারত-বিদ্বেষী সেন্টিমেন্টকে পুঁজি করে সস্তা আবেগের মাধ্যমে দেশের ক্রিকেটকে এক গভীর অর্থনৈতিক ও কাঠামোগত সংকটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে ক্রীড়া মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Visited 41 times, 1 visit(s) today