দুই সপ্তাহের সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া

দুই সপ্তাহের সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলো সিরিয়া
শেয়ার করুন

দুই সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে তাৎক্ষণিক ও দেশব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়ার সরকার। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দেশটির অধিকাংশ এলাকায় আবারও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ খুলে গেল।

ডামাস্কাসে দেওয়া এক বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে পূর্ব ও উত্তরাঞ্চলের তিনটি প্রদেশ—আল-হাসাকা, দেইর এজোর ও রাক্কায়—রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যকরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে।

এই যুদ্ধবিরতি একটি বিস্তৃত ১৪ দফা চুক্তির অংশ, যার আওতায় এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। চুক্তির আগে ডামাস্কাসে প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাকের বৈঠক হয়। ব্যারাক এই চুক্তিকে “একীভূত সিরিয়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে আখ্যা দেন।

এসডিএফ প্রধান মাজলুম আবদি বৈঠকে যোগ দেওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে তিনি ডামাস্কাসে যেতে পারেননি। প্রেসিডেন্ট আল-শারা জানান, আবদির সফর সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরে টেলিভিশনে দেওয়া বক্তব্যে আবদি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী থেকে ফেরার পর তিনি কুর্দি জনগণের সঙ্গে চুক্তির বিস্তারিত আলোচনা করবেন।

কুর্দি টেলিভিশন চ্যানেল রোনাহিতে দেওয়া সাক্ষাৎকারে আবদি বলেন, বৃহত্তর যুদ্ধ এড়াতেই এই যুদ্ধবিরতিতে সম্মত হওয়া হয়েছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘর্ষ এসডিএফের ওপর “চাপিয়ে দেওয়া হয়েছিল”।

সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর প্রায় এক দশক আগে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী উত্তর-পূর্ব সিরিয়ায় স্বায়ত্তশাসিত প্রশাসন গড়ে তোলে। ইসলামিক স্টেট (আইএস) বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান স্থানীয় অংশীদার হিসেবে এসডিএফকে অস্ত্র ও প্রশিক্ষণ দেয় ওয়াশিংটন। মার্কিন সামরিক সহায়তায় এসডিএফ আইএসকে উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা থেকে বিতাড়িত করে এবং পরে কুর্দি ও আরব-অধ্যুষিত অঞ্চলগুলো শাসন করে আসছিল।

নতুন চুক্তি অনুযায়ী, সিরীয় সরকার কুর্দি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা বেসামরিক প্রতিষ্ঠান, সীমান্ত ক্রসিং এবং তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর দায়িত্ব নেবে। যাচাই-বাছাই শেষে এসডিএফের সামরিক ও নিরাপত্তা সদস্যদের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি বিদেশি আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের রাখা কারাগার ও আটক শিবিরগুলোর দায়িত্বও ডামাস্কাসের হাতে যাবে।

চুক্তিতে কুর্দি জনগণের সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার স্বীকৃতির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে কুর্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া এবং কুর্দি নববর্ষকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার বিষয়টি রয়েছে। ১৯৪৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতার পর এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে কুর্দি অধিকার স্বীকৃতি দিতে যাচ্ছে সিরিয়া।

কুর্দি গণমাধ্যম জানিয়েছে, মাজলুম আবদি বলেছেন, উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনের “অর্জন” ও “বিশেষ বৈশিষ্ট্য” রক্ষায় এসডিএফ প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

চুক্তিতে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটে সিরিয়ার অংশগ্রহণও পুনর্ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য, আগের একটি একীভূতকরণ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর কয়েক মাস ধরে আলোচনা স্থবির ছিল। এর মধ্যেই রোববার এসডিএফের প্রত্যাহারের পর সিরীয় সরকারি বাহিনী রাক্কা ও আশপাশের তেল স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেয়।

এর আগে প্রেসিডেন্ট আল-শারা বলেছিলেন, দেশের এক-চতুর্থাংশ এলাকা ও প্রধান তেল ও পণ্যসম্পদের নিয়ন্ত্রণ কোনো মিলিশিয়ার হাতে থাকা গ্রহণযোগ্য নয়।

Visited 8 times, 1 visit(s) today