বাংলাদেশের সমর্থনে নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। এমন আলোচনার মাঝে কিছু হম্ভিতম্বি দেখালেও সেদিকে এখনো হাঁটেনি তারা। উল্টো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যাত হওয়ার পর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ খেলার জন্য ভারত ভ্রমণে অস্বীকৃতি জানায়। এর ফলে, আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণা করে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন যে, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে এবং বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে।
তার এই মন্তব্য আরও জল্পনার জন্ম দিয়েছিল এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও বিষয়টি নিয়ে নিজেদের মতামত দিয়েছিলেন। কিন্তু ঠিক তার পরের দিনই পিসিবি বিশ্বকাপের দল ঘোষণা করে। ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান টুর্নামেন্টে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে।
৭ ফেব্রুয়ারি কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। রোববার সকালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পিসিবির ডিরেক্টর অব হাই পারফরম্যান্স এবং নির্বাচন কমিটির সদস্য আকিব জাভেদ এই দল ঘোষণা করেন।
সালমান আলী আগা প্রথমবারের মতো কোনো বড় আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের নেতৃত্ব দেবেন। ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা, সাহিবজাদা ফারহান এবং উসমান তারিক—সবাই বিশ্বকাপে অভিষেক করতে যাচ্ছেন, যদিও তারা পাকিস্তানের সেটআপে পরিচিত মুখ।
”
অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে বাবর আজম, ফখর জামান এবং শাদাব খান তাঁদের জায়গা ধরে রেখেছেন। নাসিম শাহ এবং স্পিনার আবরার আহমেদের সঙ্গে বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি। এই দলে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান-এর দলের বিপক্ষে নিয়মিত খেলা পরিচিত পেসাররাও।
২০ দলের এই বিশ্বকাপে প্রতিটি দল সুপার এইট এবং নকআউট পর্বের আগে চারটি গ্রুপ ম্যাচ খেলবে। টুর্নামেন্টটি চলবে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপের আগে পাকিস্তান ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা ২৯ জানুয়ারি লাহোরে শুরু হওয়ার কথা রয়েছে।
পাকিস্তান দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) এবং উসমান তারিক।
